আকাশবার্তা ডেস্ক :
ফেসবুকে লাইভে পবিত্র কোরআনকে অবমাননাকারী সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক আস্ সামস জগলুর মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে আগামী ১৫ মে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মঙ্গলবার আইনজীবী মো. আলীম আল রাজী বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ উল্লেখ্য করা হয়, গত ৯ এপ্রিল বাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান যে, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র আল কোরআন সম্বন্ধে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলছেন এবং আল কোরআনকে অবমাননা করছেন, যা সমগ্র ইসলামী বিশ্বকে মারাত্মকভাবে আহত করছে। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।
এছাড়া, এ আসামি একইভাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় লাইভে এসে করুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আসামি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছেন। মামলায় এ আসামির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধসহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
মামলায় আরো উল্লেখ্য করা হয়-ছোটবেলা থেকেই সেফুদা উন্মাদ ছিলেন। ২৫ বছর আগে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তার বাবা হাজী আলী আকবর। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৩ নং সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চেড়িয়ারা গ্রামের মৃত হাজী আলী আকবরের পুত্র। তার বাবা তিনটি বিয়ে করেন। সব ঘর মিলে সেফুদার ভাই-বোন ১৫ জনের অধিক। তার মধ্যে সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আটজন। তবে কারো সাথে তার সর্ম্পক নেই।