সর্বশেষ:

‘ঘাতকদের মূল লক্ষ্যই ছিল আ.লীগকে নেতৃত্বশূন্য করা’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু মন্তব্য করেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করাই ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল।

শুক্রবার (২১ আগস্ট) এক ভিডিও বার্তায় ভয়াল স্মৃতি স্মরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে না থাকার কারণে ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য টার্গেট করা হচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল, ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিল খুনিচক্রের। ওই দিন স্রষ্টার অশেষ রহমতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।

আমির হোসেন আমু আরো বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ এবং দেশটি ওলি-আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে (প্রধানমন্ত্রী) বাঁচিয়ে রেখেছেন।

এসময় গণতন্ত্রের অভিযাত্রায় সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন আমু।

ভিডিও বার্তায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ অন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আমির হোসেন আমু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930