সর্বশেষ:

মিছিলে ‘আকবরের ফাঁসি চাই’ স্লোগান

আকাশবার্তা ডেস্ক :

সিলেট নগরের বন্দরবাজারের ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মো. রায়হান আহমদ নিহতের ঘটনায় আদালতের আশপাশ এলাকায় ‘আকবরের ফাঁসি চাই’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতে হাজির করার সময় বিক্ষুব্ধ ও প্রতিবাদী মানুষের ভিড় ছিল আদালত পাড়ায়।

ওই সময় অনেককে ‘আকবরের ফাঁসি চাই’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। 

পরে কড়া পুলিশ পাহারায় আকবরকে আদালতে হাজির করা হয়। এরপর রিমান্ড মঞ্জুর হলে একইভাবে আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন দুপুরে আকবরকে আদালতে হাজির করেন। পরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলার প্রধান আসামি আকবর। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলায় আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন একজন গ্রেপ্তার আছেন।

এদিকে গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। এরপর মামলাটির তদন্ত করছে পিবিআই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930