সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ঢাকায় আসতে চান ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় শিগগিরই বাংলাদেশ সফরে আসার বিষয়ে রাইসি তার ইচ্ছার কথা জানান।

শুক্রবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানের পরে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। বৈঠকটি ২০ মিনিট স্থায়ী হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে শাহরিয়ার আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা একটি চিঠি নতুন প্রেসিডেন্ট রাইসিকে হস্তান্তর করেন। চিঠিতে নির্বাচনে জয় ও শপথের পর নতুন সরকারের দায়িত্ব নেয়ায় রাইসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামীতে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

ইরানের কোন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এই প্রথম কোন প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশ। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকে ইরানের নতুন প্রেসিডেন্ট ২০ বছর আগে বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বিশেষ করে তার যশোর সফরের কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানোর জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাইসি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন রাইসি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে সমর্থন করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, ফিলিস্তিন ইস্যু মুসলিম উম্মাহর প্রথম এবং প্রধান সমস্যা।

দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ইরানের নতুন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছিলো।

শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে রাইসি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাহরিয়ার আলম। এসময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে সংযোগ এবং বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন।

৩ আগস্ট রাতে শাহরিয়ার আলম তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

এদিকে, নিকট অতীতে এটাই বাংলাদেশের কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ইরান সফর। কয়েক বছর আগে তখনকার পর্যটন ও বিমান মন্ত্রী রাশেদ খান মেনন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম অন্য রাষ্ট্রগুলোর মতো ইরানের সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। আর এ জন্যই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো তেহরানে প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031