আইন আদালত ডেস্ক :
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এরআগে গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে ৩১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার বিচারিক আদালতের রায়ে শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সেই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে আপিল করেন হিটু শেখ।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে মামলা করেন।
মামলায় হিটু শেখসহ চারজনকে আসামি করা হয়। বিচার শেষে হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও অপর তিন আসামিকে খালাস দেন আদালত।