নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কুশাখালীর নলডগী এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু ছায়েদ মাঝি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ জুন) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সাগর উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সুদ ব্যবসায়ী বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ মাঝি কিছু টাকা ধার নেন। সম্প্রতি সকল টাকা পরিশোধ করেন আবু ছায়েদ মাঝি কিন্তু আবু ছায়েদের কাছে সুদের আরো টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বেলাল উদ্দিন।
এ নিয়ে রোববার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাতের কোন এক সময়ে বেলাল উদ্দিন এবং তার লোকজন আবু ছায়েদ মাঝিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সকালে তার লাশ বাড়ির সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমেদ জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে আবু ছায়েদ মাঝিকে হত্যা করা হয়। এ ঘটনায় সাগর উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।