সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৮০% ভোট পড়েছে, নতুন নির্বাচন হবে না : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচনের ভোট উৎসবে সারাদেশে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন। আর ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নতুন নির্বাচন আর হবে না।

সোমবার (৩১ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। বিজয়ের মাসের শেষ তারিখের শুভেচ্ছা দিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন সিইসি। এ সময় কমিশনার, সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কমিশন সন্তুষ্ট। নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে তিনি বলেন, না, এটা হবে না।

সিইসি বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। জাতি কতোটা ভোট উৎসবে মেতেছিল, কেবল দেশি নয়, বিদেশি গণমাধ্যমেও তা আমরা দেখেছি।

তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারাদেশের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ১৪ জনের প্রাণ ঝরেছে। তবে নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের একার প্রচেষ্টায় এই কর্মযজ্ঞ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আপনাদের সবার অংশগ্রহণে এটা সম্ভব হয়েছে। সবাই যেভাবে সহায়তা করেছে, তাতে আমরা ধন্য। এই ভোটে যারা অংশ নিয়েছেন এবং সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

এই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাদের নেতৃত্বে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

এরপর সিইসি এক প্রশ্নের জাবাবে বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবেই ভোট হয়েছে। এটাতো আমাদের কিছুই না। আমরা নতুনভাবে আর নির্বাচন করবো না। আমরা নির্বাচন যেভাবে করেছি, তারপর আর নির্বাচন করার সুযোগ নেই। তাছাড়া নির্বাচন নিয়ে কারও লজ্জা পাওয়ারও কিছু নেই। ‘গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমরা সারাদিন মিডিয়ায় দেখেছি, কোথাও কোনো অনিয়মের অভিযোগ আমরা দেখিনি।’

এসময় আরেক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে আমরা খুবই তৃপ্ত, সন্তুষ্ট এবং আশাবাদী।

নির্বাচনের গেজেট কবে নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চূড়ান্ত ফলাফল পেতে আরও তিন থেকে চারদিন লাগবে, তারপর গেজেট হবে।

একজন সাংবাদিক কয়েকটি অনিয়মের সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে সিইসির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমরা দেখব। তবে লিখিত অভিযোগ আসলেও গেজেট প্রকাশে কোন বাধা হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930