সর্বশেষ:

‘ঢাকায় স্থাপিত হবে সাইবার থানা’

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকায় স্থাপিত হবে সাইবার থানা। তবে সারাদেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্যমে এ থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। ‍এটি ঢাকায় স্থাপন করা হলেও সারাদেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।

তিনি বলেন, সিআইডিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় তৈরি হবে কার্যালয়, যা তদন্তে বড় ধরনের ভূমিকা পালন করবে। দ্রুত তদন্তে তৈরি করা হবে সাইবার স্টেশনও।

সিআইডিপ্রধান বলেন, সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে।

এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’

মাহবুবুর রহমান আরো বলেন, মানবপাচারকারী হিসেবে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের বিতর্কিত সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ বিষয়ে সিআইডি প্রধান মাহবুবুর রহমান বলছেন, সাক্ষ্য–প্রমাণসহ আমরা সব বলব। ধৈর্য ধরুন। তার (পাপুল) বিষয়ে বিস্তারিত খোঁজ চলছে। আমরা এ বিষয়ে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।

এখন বিষয়টি আন্তর্জাতিক ইস্যু। তাই অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি, তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা এ বিষয়ে শিগগিরই জানাতে পারবো।

তিনি বলেন, মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। এছাড়া পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও আমরা নজরদারিতে রেখেছি। তাদের বিষয়ে কাজ করছি।

 সিআইডির প্রধান বলেন, বিভাগটি ২২ ধরনের মামলা করে থাকে। ৮২ ভাগ ক্ষেত্রে তারা অভিযোগপত্র দিয়েছে, তবে সাজা হয়েছে ২৪ ভাগ ক্ষেত্রে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930