সর্বশেষ:

লেবানন বিস্ফোরণ : ৩ বাংলাদেশিসহ মোট নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত তিনজনই লেবাননে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৮ জন।

আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখন হাসপাতালে আছেন ৮-১০ জনের মত। তাদের মধ্যে একজনের অবস্থা ‘সংকটাপন্ন’

বুধবার বিকালে (৫ আগস্ট) বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্য রয়েছেন, যারা সেখানে জাতিসংঘের শান্তি মিশনে নিয়োজিত ছিলেন।

তিনি বলেন, ভূমিকম্প হলে যেমন ঝাঁকুনি হয়, তেমনটা অনুভূত হয়েছিল আমাদের এখানে। তবে দূতাবাস ভবনের কোনো ক্ষতি হয়নি।

লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ধ্বংস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। উদ্ধারকাজ এখনো চলছে, ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে পুরো লেবানন ও আশপাশের এলাকা কেঁপে ওঠে, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে (ইউনিফিল) মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস ‘বিজয়’ তখন বৈরুত বন্দরেই নোঙর করা ছিল। বিস্ফোরণের ধাক্কায় জাহাজেরও ক্ষতি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১৩ সালে একটি জাহাজ থেকে জব্দ করা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরের একটি ওয়্যারহাউজে মজুদ করে রাখা হয়েছিল। কোনোভাবে সেখানে আগুন লাগার পর ভয়ঙ্কর ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় ৬টার পরপর ওই বিস্ফোরণে বৈরুত ছাড়াও আশপাশের অনেক শহর কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় ২৪০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও, সেখানকার বাসিন্দারা এ ঘটনাকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930