সর্বশেষ:

র‌্যাগ ডে বিষয়ে বিজ্ঞপ্তি সংশোধন করল ঢাবি

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাগ ডে বিষয়ে নিজেদের প্রেরিত বিজ্ঞপ্তি সংশোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নতুন সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসংযোগ দপ্তর কর্তৃক র‌্যাগ ডে নিষিদ্ধ সংক্রান্ত তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

‘র‌্যাগ-ডে’ উৎসবকে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে তা নিষিদ্ধের কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা গতকাল বুধবার জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

তবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ক্যাম্পাসে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা হয়নি। ভুল-বোঝাবুঝি ও অসাবধানতার কারণে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি ভুলভাবে গণমাধ্যমে গিয়েছিল।

গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা ছিল। একাডেমিক কাউন্সিলে একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমরা তো বিভিন্ন উৎসবের পৃষ্ঠপোষকতা করি। সেখানে এ ধরনের সিদ্ধান্ত কেন নেব? আসলে যেটি করা হয়েছে, তা হলো শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে কীভাবে আরও সুন্দর, নান্দনিক ও ভালো করা যায়, তার একটি নীতিমালা তৈরির জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি৷’

দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মূলত কেমন ছিলো সে সম্পর্কে বলা হয়, র‌্যাগ ডে পালন নামে ক্যাম্পাসে ও আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক ও শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, তার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়েছে। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান/ উৎসব/ বর্নাঢ্য র‌্যালী ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে।

সেজন্য কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কমিটিতে আহ্বায়ক প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনরা সদস্য এবং সদস্য সচিব থাকবেন প্রক্টর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930