স্পোর্টস ডেস্ক :
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। যে আসরে একটি ট্রফির জন্য লড়বে সেরা ১০টি দল। যে ট্রফি নিয়ে এত লড়াই, সেই ট্রফিটি এবার আসছে বাংলাদেশে।
আগামীকাল ঢাকায় পৌঁছার পর সকাল ১১টা থেকে ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও।
ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি। ১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।
এদিকে, গত ২৬ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহীদের সভায় ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সূচি চূড়ান্ত করা হয়। আইসিসির বোর্ড সভায় তা অনুমোদিত হয়ে প্রকাশিত হয়েছে। দীর্ঘ দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলে সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে ঘুরে ঘুরে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল টাইগাররা। আইসিসির কোনো টুর্নামেন্টে সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। তার আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে মাশরাফিরা।