আকাশবার্তা ডেস্ক :
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে কোনো বাংলাদেশীর নাম। বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালের তালিকায় নাম উঠেছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের। তালিকায় ২১১৪ র্যাংকের মধ্যে বেক্সিমকো প্রধানের অবস্থান ১৬৮৫ তম। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৩০ কোটি মার্কিন ডলার।
সফল ব্যবসায়ী সালমান এফ রহমান বেক্সিমকোর প্রতিষ্ঠাতা। আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা আছে তার। বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পদেও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন এ ব্যবসায়ী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এ নেতা আবাহনী ক্রীড়াচক্রের চেয়ারম্যান হয়ে ক্রীড়া সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। মনোনীত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হিসেবেও।
১৯৭২ সালে সালমান এফ রহমানের হাত ধরে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) যাত্রা শুরু। ওষুধ ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে কোম্পানিটি। বাংলাদেশে সর্বোচ্চ কর প্রদানকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানের তালিকায়ও রয়েছে বেক্সিমকোর নাম।
এদিকে হুরুন গ্লোবালের তালিকায় বিশ্বের সেরা ধনী হিসেবে উঠে এসেছে মাইক্রোসফটের প্রধান বিল গেটসের নাম। তার সম্পদের পরিমাণ ৮ হাজার ১০০ কোটি ডলার। এরপরই আছে যথাক্রমে বার্কশায়ার হার্থওয়ের মালিক ওয়ারেন বাফেট, অ্যামাজনের জেফ বেজোস, জারা’র আমানসিও ওর্তেগা, ফেসবুকের মার্ক জাকারবার্গ, ওরাকলের ল্যারি গ্যারিসন, আমেরিকা মবিলের কার্লোস স্লিম, কচ ইন্ডাস্ট্রির ডেভিড কচ ও চার্লস কচ এবং ব্লুমবার্গের মাইকেল ব্লুমবার্গের নাম।
শীর্ষ ১০ ধনীর মধ্যে ৮ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। শুধু কার্লোস স্লিম মেক্সিকোর এবং আমানসিও ওর্তেগা স্পেনের নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন তালিকার ৩৯৫তম অবস্থানে।
সূত্র : হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৭