আকাশবার্তা ডেস্ক :
রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব উপলক্ষে বিজয় সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত এখন সোহরাওয়ার্দী উদ্যান।
জনসভায় মধ্যমনি হিসেবে থাকবেন দলের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষমতাসীন দলের ‘বিজয় উৎসব’ শুরুর সময় বেলা আড়াইটায় নির্ধারিত থাকলেও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু করেছে।
জনসভায় যোগ দিতে সকাল ৯টায়ই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী মিছিল দেখা যায় ঢাকার নানা স্থানে। বাংলা একাডেমির বিপরীত দিক দিয়ে উদ্যানে ঢোকার জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
জনসভার কারণে সকাল ১১টা থেকে শাহবাগের রূপসী বাংলা সিগন্যাল, কাঁটাবন মার্কেট মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁরপুল, জিপিও ও মৎস্য ভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
লাল-সবুজ টি শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে বা পিকআপভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে উদ্যানের দিকে যাচ্ছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা।
‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
উদ্যানের ভেতরে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মূল মঞ্চটি সাজানো হয়েছে দলের এবারের ইশতেহারের মলাটের রঙে।
বৈঠাসহ ছোট বড় ৪০টিরও বেশি নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুনে সাজানো হয়েছে সমাবেশ মাঠ।
এদিকে বিজয় উৎসব উপলক্ষে উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
আওয়ামী লীগের বিজয় উৎসবকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শাহবাগ ও টিএসসি মোড়ে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়াযান। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরেজমিনে শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্টের সামনের এলাকা, দোয়েল চত্বর, টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থায় দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।