আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বেকার সমস্যা সমাধানের কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা অন্যতম বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কেউ যদি সাবলম্বী হতে চায়, তাহলে নিজে একা কিছু শেখার চেয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর প্রশিক্ষণের উপর নির্ভরশীল হওয়া উচিৎ। এতেই সাবলম্বী হওয়া সম্ভব। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যদি সঠিক পরিচালনা হয় এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তারা বসে না থেকে কাজে লেগে যায়। উভয়ই লাভবান হয়। এতে একদিকে যেমন বাংলাদেশের বেকার সমস্যা সমাধান হবে, অন্যদিকে প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠালে দেশের প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি হবে।
তিনি আরো বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোরিয়ান ভাষা শিখা, কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাইর প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পর অসচ্ছল কেউ যদি স্বাবলম্বী হতে চায় সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণসহ বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন থেকে সহায়তারও আশ্বাস দেন তিনি।
লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ কেন্দ্রর আরএসি ট্রেডের চীফ ইন্সটেক্টর আরিফুর রহমান, সিআই ট্রেডের চীফ ইন্সটেক্টর শামছুল আলম, ইন্সটেক্টর লাভলী ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা খেলায় বিজয়ী ৮২ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।