
আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে আ.ন.ম ইব্রাহীম নামে এক কলেজ শিক্ষককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়। এরআগে গত সোমবার (১৩ মার্চ) রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ইসলাম শিক্ষা ক্লাসে শিক্ষক আ.ন.ম ইব্রাহীম বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ দিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করে। তারা অভিযুক্ত শিক্ষককে বহিস্কারের দাবি জানান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কলেজ পরিচালনা কমিটি তাৎক্ষণিক সভা করে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে কলেজ থেকে বহিস্কার করা হয়।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি কাজী নুরুল ফেরদাউস বলেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আ.ন.ম ইব্রাহীম বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন মন্তব্য করায় আমরা তাকে সাময়িক বহিষ্কার করে বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠন করি।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন জানান, এ ধরণের মন্তব্য করে তিনি কাজটি মোটেও ঠিক করেননি।