মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৪ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে অবতরণ করলে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। এসময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। পরে মোটর শোভাযাত্রা করে ড. লোটে শেরিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভুটানের প্রধানমন্ত্রী। দুপুরে বারিধারায় ভুটান দূতাবাস যাবেন তিনি। বিকেলে বুদ্ধিস্ট মনাস্তেরি কমপ্লেক্স বাসাবো সবুজবাগ এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও স্বাস্থ্য খাতে কয়টি চুক্তি হতে পারে।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামেলী হলে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর ও যৌথ বিবৃতি অনুষ্ঠিত হবে। এদিন রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যাবেন তিনি।

উল্লেখ্য, স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নেওয়া লোটে শেরিংয়ের এটাই প্রথম বাংলাদেশ সফর। এবারের সফরে বাংলাদেশের বর্ষবরণের উৎসবেও শামিল হবেন তিনি।আর গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানকে বাণিজ্য সুবিধা দেওয়া ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করছেন সরকারের কর্মকর্তারা। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটানের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দুই দেশের বাণিজ্যের পরিমাণ সেভাবে বাড়েনি। ভুটান থেকে ৩ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৩০ লাখ ডলারের মত।

দুই দেশের বাণিজ্য বাড়াতে স্থলপথে ভারতের ভেতর দিয়ে ট্রানজিট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানকে বাণিজ্য সুবিধা দেওয়ার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ভুটান সফরে গেলে দেশটির স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল সে দেশের সরকার। পাশাপাশি বাংলাদেশ থেকে ভুটানে চিকিৎসক নেওয়া এবং বাংলাদেশে ভুটানের মেডিকেল শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছিল সে সময়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১