মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জে আ.লীগে গৃহদাহ চরমে, বাড়ছে হামলা মামলা

আকাশবার্তা ডেস্ক :

বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এখন প্রকাশ্য রূপ নিয়েছে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দল। এরমাত্রা এখন চরম আকার ধারণ করেছে। চলছে নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া। একপক্ষ আরেকপক্ষকে ঘায়েল করতে দায়ের করা হচ্ছে মামলা পাল্টা মামলা। এর জন্য তৃণমূলের কর্মীরা জেলা নেতাদের দুষছেন। তৃণমূলের অভিযোগ, জেলা নেতারা ইউনিয়ন পর্যায়ের কোন্দল জিইয়ে রেখে ফায়দা লুটছেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের চরিত্রহনন করে একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিতেও দেখা গেছে। সর্বশেষ গত ২৪ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে চন্দ্রগঞ্জে নিজেদের মধ্যে দলীয় বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ এই কোন্দল এখন চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নেই বিরাজমান রয়েছে বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত সোমবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন পৃথকভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন সম্পন্ন করেন। এর আগেরদিন একই কমিটির সাধারণ সম্পাদক কাজী সোলায়মানকে ডেকে নিয়ে একসাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য সভাপতি, সাধারণ সম্পাদককে মিলিয়ে দেন জেলা আওয়ামীলীগের নেতারা। পরদিন সকাল ১১টার দিকে দলের আনন্দ র‌্যালি শেষে স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে মিলিত হয় আওয়ামীলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তাদের সামনেই চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বিতর্কিত আহ্বায়ক কাজী বাবলু গ্রুপ স্লোগান দেওয়া কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন। তবে এই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছেন জেলা আওয়ামীলীগের নেতারা।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন বলেন, জেলা নেতাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজী সোলায়মানকে সাথে নিয়ে আমি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কিন্তু সেখানে কাজী সোলায়মান বিতর্কিত ছাত্রলীগ নেতা কাজী বাবলু গ্রুপকে দাওয়াত করায় জেলা নেতাদের সামনেই চেয়ার মারামারিসহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, এরআগেও কাজী বাবলু দলের বিভিন্ন সভা-সমাবেশে হামলা চালিয়েছে এবং আওয়ামীলীগ নেতাদের অপমান অপদস্ত করেছে। এসব কোনো ঘটনার এখন পর্যন্ত বিচার হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুরের মধ্যে নতুন সাংগঠনিক ইউনিট। এখানে মূলদল আওয়ামীলীগের সাংগঠনিক ইউনিট কমিটি করা না হলেও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও সদর (পূর্ব) যুবলীগ নামে পৃথক সাংগঠনিক ইউনিট হিসাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।

সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা ইউনিটে যুবলীগের মধ্যে দ্বন্দ্ব বা গ্রুপিং না থাকলেও ছাত্রলীগের সাথে ছাত্রলীগের এবং যুবলীগের সাথে ছাত্রলীগের বা যুবলীগের সাথে স্বেচ্ছাসেবকলীগের চরম অর্ন্তকোন্দল বিরাজ করছে। এখানে ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সাথে অন্যান্য যুগ্ম আহ্বায়কদের বিরোধ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়ের সাথে আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর বিতর্কিত কর্মকান্ডের জন্য শুরু থেকেই বনিবনা হচ্ছিল না। তাদের অভিযোগ, কাজী বাবলুর ছাত্রলীগ করার মত বয়স এবং ছাত্রত্ব কিছুই নেই।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও রিয়াজ হোসেন জয় বলেন, রানিং ছাত্রদের নিয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি করা আমাদের দাবি ছিল। কিন্তু সেখানে ছাত্রত্বহীন ৩৮ বছর বয়সী এবং প্রশাসনের দায়েরকৃত ২টি ডাকাতি প্রিপারেশন মামলা ও ১টি অস্ত্র মামলার আসামি কাজী বাবলুকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে। যার কারণে চন্দ্রগঞ্জ থানা এলাকায় ছাত্রলীগ বিতর্কিত।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হোসেন জানান, কলেজে ১মবর্ষের ভর্তি কার্যক্রম চলছে। আমি কলেজ ক্যাম্পাসে ২টি পেষ্টুন লাগিয়েছি। রাতের আঁধারে কে বা কারা আমার পেষ্টুনগুলো খুলে নিয়ে যায়। এছাড়াও পুরো কলেজে কাজী বাবলু অনুগত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মাসুদুর রহমান ও স্বেচ্ছাসেবকলীগের রুবেলের পেষ্টুন টাঙানো হয়েছে। সৌরভ জেলা ছাত্রলীগের নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, কলেজের রানিং ছাত্রনেতাদের পেষ্টুন লাগাতে বাঁধা দেওয়া হচ্ছে। অথচ অছাত্র এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাদের ছবিসহ পেষ্টুন টাঙানো হয়েছে। এটা সঠিক রাজনীতি কীনা অভিযোগ সৌরভের।

অন্যদিকে শুক্রবার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটগাছতলা নামকস্থানে স্থানীয় ইউনিয়ন যুবলীগের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক গাজী কামরুলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ছাত্রলীগের নেতা শাহপরান শাকিলের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ফেসবুকের একটি পোষ্টে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে যুবলীগের শামীম ছাত্রলীগের কয়েকজনকে জিজ্ঞাসা করতে যান। এ সময় ছাত্রলীগের ওই কর্মীরা শামীমকে মারধর করার চেষ্টা করলে যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল তাদেরকে বাঁধা দিতে যান। এতে কামরুলকেও তাদের হাতে থাকা টর্চলাইন দিয়ে আঘাত করে তার শরীরে মারাত্মক ফুলা জখম করা হয়। এ সময় চন্দ্রগঞ্জ থানার এসআই অসীমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আহত কামরুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তারা জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুকেও জানিয়েছেন বলে নিশ্চিত করেন ইউনিয়ন যুবলীগের এই নেতা।

অপরদিকে চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজের সাথে স্থানীয় চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগের বাবুল আনসারীর দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে দলীয় রেষারেষিসহ হামলা পাল্টা হামলা এবং মামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সম্প্রতি স্বেচ্ছাসেবকলীগের দিদার হোসেন বাবলুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব এখন আরো ঘনিভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একপক্ষ আরেকপক্ষকে ঘায়েল করে নানা কটুক্তিমূলক স্ট্যাটাস দিচ্ছেন। ফেসবুকের এসব পোষ্ট ভাইরাল হতেও দেখা গেছে।

এদিকে দিঘলী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান শেখ মজিবুর রহমানের সাথে সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনের দ্বন্দ্ব চলছে অনেক আগে থেকে। দুই চেয়ারম্যানের বিরুদ্ধেই সন্ত্রাসী লালন ও আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউনিয়ন সভাপতির সাথে ইউনিয়নের অন্যান্য নেতাদের কোনো সু-সম্পর্ক নেই।

মান্দারী ইউনিয়নটি জেলার আরেকটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এটিও চন্দ্রগঞ্জ থানার অধীনে। এখানে থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেবের সাথে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষারের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জেরধরে গত ৩দিন আগে একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তুষার ও তার অনুগত ৮/৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে আবু তালেবের অনুসারীরা। অন্যদিকে মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষকের সাথে দ্বন্দ্ব আছে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারীর।

অন্যদিকে উত্তর জয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে দলীয় দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কিনেছেন ৭ জন। দলের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ছেলে মিজানুর রহমানকে নৌকার প্রার্থী ঘোষণা করা হলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মাহমুদ বাকীসহ অন্য ৬ জন।

চন্দ্রগঞ্জ থানার প্রত্যেকটি ইউনিয়নে দলের অভ্যন্তরে চরম গৃহদাহ হলেও দ্বন্দ্ব সংঘাত নিরসনে জেলা আওয়ামীলীগ বা অন্যান্য অঙ্গসংগঠনের জেলা পর্যায় থেকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছেনা।

চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও দলের অঙ্গসংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে জানতে চাওয়া হলে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু মুঠোফোনে বলেন, ইউনিয়ন পর্যায়ে দলীয় কোন্দল সম্পর্কে তাঁর কাছে অনেকগুলো অভিযোগ আছে। ইতিমধ্যে এসব কোন্দল নিরসনে তিনি উদ্যোগ নিয়েছেন বলে জানান। জেলা আওয়ামীলীগের শীর্ষ এই নেতা বলেন, চন্দ্রগঞ্জে ছাত্রলীগের কাজী বাবলুর বিতর্কিত কর্মকান্ডের জন্য আওয়ামীলীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিষয়টি জেলা ছাত্রলীগের নেতাদের জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি বলেন, জেলা ছাত্রলীগ ব্যবস্থা না নিলে বিষয়টি আমি নিজে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের জানাবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১