সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রক্ত আর কাটা মাথা দিয়ে কি সেতু তৈরি হয়? প্রশ্ন প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

এক শ্রেণির মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এরা সেই মানুষগুলো সারাক্ষণ খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের পেছনে লেগেই আছে বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকারে গণতন্ত্র, নির্বাচন, পুলিশি হেফাজতে নির্যাতন, ডেঙ্গু পরিস্থিতি, পদ্মা সেতুতে কাটা মাথা সংক্রান্ত গুজব, বাংলাদেশের অর্থনীতির অবস্থাসহ নানা ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিবিসি বাংলার সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এমন মানসিকতা আমাদের নেই এবং আমরা সেটি করিও না। ঘটনাচক্রে কিছু ঘটতে পারে। আপনি যদি গত দশ বছরে আমাদের অবস্থান দেখেন, আমরা কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, আপনি আমার নিজের কথাই চিন্তা করেন, যখন আমি আমার বাবা-মা সবাইকে হারালাম, তাদের যখন গুলি করে মারা হল। আমি কিন্তু কোন বিচার পাইনি। খুনিদের বিচার না করে তাদের ইনডেমনিটি দেয়া হলো। অর্থাৎ অপরাধকে প্রশ্রয় দেয়া হল। উল্টো তাদের পুরস্কৃত করা হলো।

শেখ হাসিনা বলেন, যে দেশে অপরাধকে স্বীকৃতি দিয়েই একটা সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয়, সেই দেশে অপরাধ নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পুলিশ হেফাজতে মানুষ হত্যা করার সবচেয়ে বেশি ভুক্তভোগী আমার দলের নেতা কর্মীরা।

তিনি বলেন, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এখন কেউ ওইভাবে হেফাজতে মৃত্যু হয় না। নির্যাতনও সেভাবে করা হয় না।

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, স্বাধীনতার পর রাষ্ট্রপতিকে (শেখ মুজিব) হত্যার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশে অপরাধকে প্রশ্রয় দেয়ার সংস্কৃতি শুরু হয়েছে। যে অসাংবিধানিক সরকারের সময় যারা বেশি সুযোগ ভোগ করেছে বা ক্ষমতাটা যারা উপভোগ করেছে, তারা কখনোই চায়নি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।

প্রধানমন্ত্রী বলেন, একটা শ্রেণি পুলিশি হেফাজতে মৃত্যুর বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের মধ্যে কিছু আছে যারা অসাংবিধানিক সরকার, জরুরি অবস্থা এলে তাদের খুব দাম বাড়ে। কাজেই তারা সারাক্ষণ খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের পেছনে লেগেই আছে।

যেসব দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ তাদের একটি, কিন্তু এর সুফল সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা? বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অবশ্যই পৌঁছচ্ছে। সেই ভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি।

২০০৫ বা ২০০৬ সালের দিকে আমাদের দারিদ্রের হার ৪১ ভাগের উপরে ছিল। আজকে সেটা ২১.৪ ভাগে নেমে এসেছে। মাত্র ১০ বছরের মধ্যে আমরা সেটা অর্জন করতে পেরেছি। মানুষের মাথাপিছু যেখানে ৪০০ থেকে ৫০০ মার্কিন ডলার ছিল, আজকে সেখানে প্রায় ২ হাজার মার্কিন ডলারে উঠে এসেছে। প্রবৃদ্ধি আমরা এখন ৮.১ শতাংশ অর্জন করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, ঋণ নিয়ে ফেরত না দেয়া – এই কালচারটা আমরা বদলে ফেলার চেষ্টা করছি। আমরা যখন ক্ষমতায় এসেছি আমরা চেষ্টা করেছি, অনেক টাকা উদ্ধারও করেছি। তারপরেও কিছু মানুষের প্রবণতা থাকে যে টাকা দিলে মনে হয় সেটি আর ফেরত দিতে হবে না।

বাংলাদেশে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনা বলেন, দেশে এখন ৪৪টি প্রাইভেট টেলিভিশন আছে এবং তারা স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনতা না থাকলে তারা আমার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কিভাবে লিখছে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যদি সত্যিই ভোট দিতে না পারতো, তাহলে তাদের ডাকে (বিরোধী জোট) সাড়া দিয়ে মানুষ আন্দোলনে নামতো এবং আমরা ক্ষমতায় থাকতে পারতাম না। আমাদের ট্রাইব্যুনাল আছে সেখানে মামলা করতে পারে, কোর্টে মামলা করতে পারে। নির্বাচন কমিশনও মামলা করতে পারেন।

বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় ডেঙ্গু। এই রোগের জীবাণুর বাহক এডিস মশার বিস্তার রোধে ঢাকার দুই সিটি কর্পোরেশনের গাফিলতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে ডেঙ্গু বিষয়ক খবর অনেক বেশি প্রকাশিত হচ্ছে এবং এর ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।

তিনি বলেন, একটু উচ্চবিত্ত যারা, সেইসব জায়গাগুলোতেই ডেঙ্গুর প্রকোপ বেশি। আমাদের সবসময় লক্ষ্য থাকে বস্তি এলাকা, ড্রেন এসব দিকে। মশা মারা কিন্তু নিয়মিত একটা ব্যাপার।

শুধু সিটি কর্পোরেশনকে দোষ না দিয়ে সব মানুষকে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান তিনি।

মশার ওষুধ কেনায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, মশার ওষুধ কেনার ব্যাপারে টেন্ডার করা হয়। যারা টেন্ডারে উপযুক্ত হয়, তারা কিনে নিয়ে আসে এবং সেগুলো ব্যবহার হয়।

প্রধানমন্ত্রী জানান, সরকারের পাশাপাশি তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও পরিচ্ছন্নতা অভিযান চালাতে আহ্বান করা হয়েছে। শুধু ঢাকা নয়, সমস্ত দেশেই একটা পরিচ্ছন্নতা অভিযান দরকার।

প্রধানমন্ত্রী বলেন, কারো ঘরের কাছে বা ঘরে কোথাও যদি পানি জমা থাকে এবং সেখানে মশার লার্ভা তৈরি হয়, তবে তাদের জরিমানা করা হবে। মানুষ যদি আগামীর জন্য প্রস্তুত থাকে, তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি হবে না বলে মনে করেন তিনি।

পদ্মা সেতুতে মানুষের কাটা মাথা লাগার গুজব এবং এর জেরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কজনের মৃত্যুর বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা গুজব ছড়াচ্ছে, এরকম কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আপনিই বলুন আজকের দিনে, পদ্মা সেতুতে কাটা মাথা ও রক্ত লাগবে বলে গুজব ছড়ানো হচ্ছে। রক্ত আর কাটা মাথা দিয়ে কি সেতু তৈরি হয়? এই গুজবটা যারা ছড়াচ্ছে, অপরাধী তো তারাই। পদ্মা সেতুর ব্যাপারে শুরু থেকেই একটা চক্রান্ত ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গুজবে কান না দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930