আকাশবার্তা ডেস্ক :
কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা। শুক্রবার সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, জননিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল থেকে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় দুই বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিন তলা ওই বাড়িতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। কুমিল্লা পুলিশ, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র্যাব সদস্যরা বুধবার দুপুর থেকে ওই বাড়ি ঘিরে রেখেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুর রহমান জানান, সোয়াটের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’। অভিযান শেষে সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবিদ হোসেন।
সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর আসে। ওই সময় মৌলভীবাজারেও দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছিল পুলিশ। যার একটিতে বৃহস্পতিবার বিকালে অভিযান শেষ করে সোয়াট সদস্যরা।
মৌলভীবাজারের নাসিরপুরের ওই বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত সাত থেকে আটজনের ছিন্নভিন্ন লাশ পাওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।