এক্সক্লুসিভ ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সাঁকরাইলের খুদমরাই অঞ্চলের আতাডিহার জঙ্গলে হাতির পালের ছবি তুলতে গিয়ে শুঁড়ের আঘাতে এক ফটোগ্রাফের মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবকের নাম আশিস শীট। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আশিসের বাড়ি হাওড়ার আন্দুলের মৌড়ী পাকুরতলায়। তিনি বেসরকারি সংস্থার কর্মী। তার স্ত্রী রুমা সাত মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে আশিসের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। কোনোভাবে তিনি স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না। সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই স্বামীর এমন মৃত্যুতে রুমার বুকফাটা কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বন্যপ্রাণীর ছবি তোলার নেশা ছিল আশিসের। প্রায়ই পাখি ও অন্যান্য প্রাণীর ছবি ফেসবুকে পোস্ট করতেন।
তবে কখনও হাতির ছবি তুলতে পারেননি বলে বন্ধুমহলে আক্ষেপ করতেন।
তারই ধারাবাহিকতায় রোববার সকালে মামাবাড়ি যাওয়ার আগে চিল্কিগড়ের জঙ্গলে পাখির ছবি তুলতে যান আশিস।
পরে তিনি জানতে পারেন, আতাডিহার জঙ্গলে হাতির দল রয়েছে। গাড়ি নিয়ে বিকেলে সেখানে হাজির হন। বন্ধু ও মামাতো ভাইকে নিয়ে জঙ্গলে ঢোকেন। হাতির দলের ছবি তুলতেও শুরু করেন আশিস।
এক পর্যায়ে একটি হাতি আশিসকে শুঁড় দিয়ে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। কান দিয়ে রক্তক্ষরণও হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁকরাইলের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।