আকাশবার্তা ডেস্ক :
রাজধানীর শাহজাহানপুরের কর্মজীবী এক দম্পতির বাসায় দুই বছরের শিশুকে ৪৫ বছর বয়সী গৃহকর্মী নির্মম নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পৈশাচিক নির্যাতনের এ ভিডিও দেখে শিউরে উঠতে হবে যা কারোরই।
জানা গেছে, ওই বাসার শিশুর বাবা-মা দুজনই কর্মজীবী। ছোট্ট শিশুসন্তানটির যত্ন নেওয়ার জন্য মধ্যবয়সী এক কাজের বুয়া রাখেন তারা। এরপর একদিন হঠাৎ সিসি ক্যামেরায় চোখ রাখতেই চমকে ওঠলেন বাবা।
ক্যামেরায় দেখলেন, তার অতি আদরের দুই বছর বয়সী শিশুসন্তানটিকে নির্মমভাবে মারধর করছে ওই কাজের বুয়া।
জানা গেছে, শিশুটির বাবা ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আর মা মা লুৎফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই দম্পতির একমাত্র শিশু আবদুল্লাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর। স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করায় আয়াত থাকতো বাসার কাজের বুয়া শাহিদার কাছে।
এর আগেও শিশুর বাবার ওই বুয়াকে দেখে সন্দেহ হয়। তাই মনের সন্দেহ দূর করতে তিনি দ্রুত নিজের বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। আইপি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ তিনি নিজের স্মার্টফোনেই লাইভ দেখতে পারতেন। যে কারণে নিজের সন্তান চোখে চোখেই থাকতো।
গত ১৪ নভেম্বর অফিসে বসে ভয়ংকর এক দৃশ্য চোখে পড়ল আল আমিন সরকারের। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার শিশুসন্তানকে বাসার কাজের বুয়া নির্মমভাবে নির্যাতন করছে।
অফিস বসে বাবা দেখতে পান, বাথরুম থেকে ঘরের ভেতর ছুড়ে ফেলে দিয়ে ওইটুকু শিশুকে একের পর এক লাথি মারতে থাকেন কাজের বুয়া শাহিদা! এরপর ক্রন্দনরত শিশুকে সেভাবে ফেলে দিয়েই আবারও নিজের কাজে মন দেন তিনি।
ক্যামেরায় অতি আদরের সন্তানের ওপর এই ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি বাবা। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান বাসার দিকে। পাষণ্ড কাজের বুয়ার হাত থেকে উদ্ধার করেন সন্তানকে।
এ প্রসঙ্গে শিশুটির বাবা আল আমিন সরকার বলেন, আমি এক অসহায় বাবা, যাকে দেখতে হয়েছে দুই বছরের সন্তানকে নির্মমভাবে মারধর করার দৃশ্য। এই নির্যাতন থেকে তাৎক্ষণিকভাবে আমার বাচ্চাটাকে রক্ষা করতে না পারার আক্ষেপে পুড়ছি আমি।
এ ঘটনায় গত ১৫ নভেম্বর রাতে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইন-২০১৩ (সংশোধিত ২০১৮) এর ৭০ ধারায় একটি মামলা দায়ের করেন আল আমিন সরকার। এরপর অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।