আকাশবার্তা ডেস্ক :
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জনস্রোত নেমেছে। হাজার হাজার নেতাকর্মীর পদচারণা আর শ্লোগানে প্রকম্পিত আশপাশের এলাকা। দুপুর আড়াইটা পর থেকে রাস্তার দুপাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলন দিতে হবে। রাস্তায় নামতে হবে। আপনারা সবাই ‘রাস্তায় নামুন’। এই সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
একই সমাবেশ বক্তৃতা প্রদানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে পতনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুন হোন। অনুমতি নিয়ে আন্দোলন হয় না। অনুমতি নিয়ে কর্মসূচি পালন করলে খালেদা জিয়া মুক্ত হবে না। আমাদের অনেক নেতা গুম, খুন হয়েছে আর নয়। প্যারোলের চিন্তা বাদ দিয়ে ‘প্রস্তুত হোন’। এই সরকারের পতন হলেই খালেদা জিয়া মুক্ত হবে। তাই আর অনুমতি নয় সবাইকে রাস্তায় নামতে হবে।
বিএনপির আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়াও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সেলিমা, খসরু, মোশাররফ প্রমুখ।