সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শপথ-নাটকে শুরু বিএনপির, আফসোস দিয়ে শেষ!

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে বহু পর্যবেক্ষণ ও দলীয় সংসদ সদস্যদের শপথ নাটকে প্রায় শেষ হতে চললো বিএনপির একটি বছর। দোয়া-মুনাজাত, কালো পতাকা মিছিল, মানববন্ধন ও কয়েকটি সমাবেশে দলটি ইতোমধ্যে অতিবাহিত করলো ১১ মাস ২১ দিন।

গত ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার স্বজনরা তার জীবনশঙ্কা নিয়ে কথা বলার পর এখন আন্দোলনের হুঙ্কার দিচ্ছে বিএনপি। যদিও দলটির শীর্ষ নেতাদের দাবি, একবার আন্দোলন করে ব্যর্থ হলে বিএনপির বড় বিপদ হয়ে যাবে, তাই এখনো পর্যবেক্ষণে চলছে দল।

তবে ভবিষ্যৎ ক্ষমতার চিন্তায় নীরব থাকলে এর মধ্যেই যদি খালেদা জিয়ার অঘটন ঘটে তাহলে দলটির বর্তমান অবস্থাও থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে তৃণমূলের আন্দোলনের চাপে বর্তমানে বেকায়দায় রয়েছে দলটি।

তবে দলটির নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, বিএনপি যদি এখন হরতাল-অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করে তাহলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগে ক্ষমতাসীন আওয়ামী লীগই বিপদে পড়ে যাবে।

তাই বিএনপি উভয় দিক চিন্তা করে আন্দোলনের চিন্তাই করছেন বলে দলটির বিশ্বস্ত সূত্রের দাবি। যেভাবে নানা ব্যর্থতায়-সফলতায় পার হলো দলটির একটি বছর, পর্যবেক্ষণসহ নিম্নে তা তুলে ধরা হলো।

প্রশ্ন স্বজনদের; কীভাবে খালেদা বাঁচবে : ১৬ ডিসেম্বর বিকালে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর সেজ বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তার (খালেদা জিয়া) শরীর খুবই খারাপ।উঠা-বসা কিছুই করতে পারছে না। খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার। সে তো হাঁটা-চলা করতে পারছে না, বসতে পারছে না।’

খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) সুগার তো কন্ট্রোলে আসছে না। ১২-র নিচে কোনোদিনই ফাস্টিং সুগার আসে নাই। আজকে তো তার ফাস্টিং সুগার ১৪-১৫। ১২-১৪ ঘণ্টা না খেয়ে আছে, তারপরে ফাস্টিং আজকে ১৪-১৫।

এ রকম অসুস্থতায় তার উন্নত চিকিৎসা দরকার। আমরা তো বলেছিলাম। উনারা জামিন তো দিলেন না। আমরা কী করব?’ বিএসএমএমইউতে তার বোনের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন সেলিমা ইসলাম। ‘তার পেটে ব্যথা হচ্ছে। ডাক্তার ওষুধ দিচ্ছে না। এখানে ঠিকমতো তার চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে? মনে হচ্ছে না আর তার শরীরে।’

অনিশ্চয়তায় খালেদার মুক্তি, শেষ আপিলেও খারিজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ আবেদন খারিজ করেন। এরপর থেকেই খালেদা জিয়ার মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখছে বিএনপি। এখন দলটি আন্দোলনের হুমকি দিচ্ছে।

হাইকোর্টের সামনে আন্দোলনের রূপ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিএনপির অঙ্গ-সংগঠনের নেতকর্মীরা হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বহুদিন পর এটিই ছিলো বিএনপির আন্দোলনের বড় দৃশ্য। এ ঘটনায় অনেকের নামে মামলা হয়।

অন্তঃপ্রাণ রিজভীর মৃত্যু : বিএনপির অন্তঃপ্রাণ কর্মী রিজভী হাওলাদার ২৩ নভেম্বর রাত ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অসুস্থ হয়ে মারা যান। রিজভী বিএনপির নেতাকর্মীদের কাছে ‘দল-পাগল রিজভী’ নামে পরিচিত ছিলেন। ওইদিন রাতে দলীয় কার্যালয়ে তার জানাজা হয়।

খালেদা জিয়ার মুক্তির জন্য সব সময় নানান স্লোগান নিয়ে সাদা কাফনের কাপড়ে দেখা যেতো তাকে। তার মৃত্যুতে একটি সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্মরণ করেন।

মোরশেদ খানের পদত্যাগ : বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। গত ৫ নভেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লোক মারফত পদত্যাগপত্র পাঠান তিনি।

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগপত্র গ্রহণ করেন। তারেক জিয়ার নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি পদ ছাড়েন।

একজন খোকার বিদায় : গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তাকে ঢাকায় আনার পর পুরো ঢাকাবাসী তাকে স্মরণ করলো। জানাজায় অংশ নেন লক্ষ লক্ষ মানুষ।

প্রধানমন্ত্রীকে অনুরোধ খালেদা জিয়াকে দেখে যাওয়ার : গত ২ অক্টোবর বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা । বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারো সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারেন না বলে দাবি করেন দলটির সংসদ সদস্য জি এম সিরাজ।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি নিজে একবার হাসপাতালে আসুন। দেশের তিন-তিনবারের প্রধানমন্ত্রীকে আপনি দেখে যান। আমরা নিশ্চিত, আপনি যদি খালেদা জিয়াকে দেখেন, তাহলে আপনার মানবিক বোধ জাগ্রত হবে। আপনার মায়া হবে।’

এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য জিএম সিরাজ, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে সময় কাটান তারা।

২৮ বছর পর ছাত্রদলের নয়ামুখ খোকন-শ্যামল : প্রায় ২৮ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে ছাত্রদলের নতুন নেতৃত্ব। সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে অধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

১৯ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাড়িতেই রাতভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়েছে।

কারাগারে মা, সন্তান রুমিনরা খুঁজেছেন অট্টালিকা! : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সন্তান বলে দাবি করা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানারা খুঁজছেন অট্টালিকা।

সংসদকে অবৈধ বলে গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন তিনি। সরকারি প্লটের জন্য করা আবেদনের জেরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বিব্রত হয় বিএনপি।

খালেদার মুক্তির দাবিতে অলির ‘মুক্তি মঞ্চ’ : নতুন করে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন সংগঠনের ঘোষণা দেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ২৭ জুন বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা : ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ভাইস চেয়ারম্যান থেকে তাদের এই পদোন্নতি দেয়া হয়। ১৯ জুন দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘পদোন্নতি দিয়ে আমাদের স্থায়ী কমিটির শূন্য পদে তাদের দুজনকে নিয়ে আসা হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম মারা যাওয়ায় কয়েকটি পদ শূন্য হয়।

বিএনপি কার্যালয়ে বয়স্ক বিবাহিতদের তালা : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের বিক্ষুব্ধ বয়স্ক বিবাহিতরা। গত ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে তারা কার্যালয়ের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেন।

দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা।

একপর্যায়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিএনপির নেতারা। বিকালে তারা তালা ভেঙে রুহুল কবির রিজভীর সমর্থকদের পিটিয়ে কার্যালয় ছাড়া করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসে পরিস্থিতি শান্ত করেন।

খালেদার সম্মানে রাজনীতিকদেরও ৩০ টাকার ইফতার : কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইফতারে বরাদ্দ মাত্র ৩০ টাকা। এই টাকা দিয়ে পাওয়া খাবার দিয়েই প্রতিদিন ইফতার করতে হয় তাকে।

দলীয় চেয়ারপারসনের এই কষ্টকর অভিজ্ঞতায় ব্যথিত বিএনপি তার প্রতি সম্মান জানাতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও ২৮ মে সন্ধ্যায় ইস্কাটন লেডিস ক্লাবে ৩০ টাকার সমমূল্যের খাবার দিয়ে ইফতার করান।

শপথ নিয়ে বিশ্বকে বিএনপির ডিগবাজি : শপথ নিয়ে পুরো বিশ্বকে ডিগবাজি দেখালো বিএনপি। কাউকে বেঈমান, কাউকে বহিষ্কার করে অবশেষে তাদের পথেই হাঁটলো দলটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা এবং সংসদে শপথ না নেয়ার ব্যাপারে টানা তিন মাস কথা বললেও ২৯ এপ্রিল শপথের মেয়াদের শেষ দিনে শপথ নিতে জাতীয় সংসদে আসেন বিএনপির চার সংসদ সদস্য।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৯ এপ্রিল বিকাল পৌনে ৬টায় তাদের শপথবাক্য পাঠ করান। বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

এর আগে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শপথ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এই পাঁচজনের শপথ নেয়ার পর মির্জা ফখরুল যখন একা বাইরে তখন সংবাদ সম্মেলন করে তিনি জানালেন, দলীয় সিদ্ধান্তেই বাকিরা সংসদে গিয়েছেন। আর সাংসদ হারুন বলেছেন তারেক জিয়ার সিদ্ধান্তেই শপথ নেন তারা।

বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাহিদুরের শপথ : ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিএনপির সিদ্ধান্ত ছাড়াই দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৫ এপ্রিল শপথগ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছি। ‘দল আমাকে এর জন্য বহিষ্কার করলেও করতে পারে। এটি জেনেই শপথ নিয়েছি। আমি বিএনপির রাজনীতি করি। দল বহিষ্কার করলেও আমি বিএনপিতে আছি, থাকবো। দীর্ঘদিন তো অপেক্ষা করলাম।

যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের প্রচণ্ড চাপ আছে। ঢাকায় ১৫ দিন ধরে আছি, এলাকার মানুষের একটাই বক্তব্য শপথ নিয়ে ফিরে আসেন’।

খালেদার প্যারোল বিষয় পরিবারের ঘাড়ে চাপালেন মির্জা ফখরুল : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি তার এবং তার পরিবারের বিষয় বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্যারোলের মুক্তির বিষয়টি নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে সেটা তার এবং তার পরিবারের বিষয়।’

১৫ এপ্রিল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউতে খালেদার মুখোমুখি ফখরুলরা : গত ১৪ এপ্রিল কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-তে মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

বিকাল ৪টা ৭ মিনিট থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানিয়েছেন, ‘ম্যাডাম বেশ অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এখনো তিনি পা বেন্ড (বাঁকানো) করতে পারছেন না। তার বাম হাত আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ বাম হাতটা কাজ করতে পারছে না।’

যখন থেকে নেতৃত্ব নিয়ে সন্দেহ গয়েশ্বরের : গত ২৩ মার্চ দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনশন কর্মসূচিতে দলের নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যেসব নেতাকর্মীরা মামলা-মোকদ্দমায় ভয় পান তারা দায়িত্ব থেকে সরে যান। আর যারা ভয় পান না, তারা দায়িত্বে থাকুন। আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করবো।’

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অন্য সংসদ সদস্যরা শপথ নেয়া, না নেয়ার বিপক্ষেও তিনি বেশ কয়েকবার প্রকাশ্যে কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন।

শিশুদের আন্দোলনে বিএনপির সমর্থন : শিশু শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে দেশ অচলের কর্মসূচিতে সমর্থন দেয় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ২০ মার্চ একটি অনুষ্ঠান থেকে বলেন, ‘এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা।’

সুলতান মনসুরের শপথ : এক হাতে ধানের শীষ, অন্য হাতে মুজিব কোর্ট পড়ে নানা নাটকের পর ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। শপথ নিয়ে তিনি দাবি করেন, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শীর্ষ নেতাদের জানিয়েই শপথ নিয়েছেন তিনি।

খালেদার সুচিকিৎসায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ মার্চ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক হয়।

মহাসচিব ছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মইন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে বিএনপি মহাসচিবের ভাষ্য ছিলো এমন— ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। আমি বিশ্বাস করি স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।’

গুরুতর অসুস্থ কাদেরের পাশে বিএনপি : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. মঈন খানও সঙ্গে ছিলেন। ১৭ মার্চ রাতে তারা এলে ভেতরে নিয়ে যান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

২০ বছর পর কৃষক দলের কমিটি : দীর্ঘ ২০ বছর পর বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আর সদস্য সচিব করা হয় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। এছাড়া ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৩৯ জন সদস্য আছেন এই কমিটিতে।

বিএনপিতে বহিষ্কার উৎসবের যাত্রা : দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় ৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করে বিএনপি। ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্তের যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে কয়েকশ নেতাকে বহিষ্কার করা হয়।

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের রুদ্ধদ্বার বৈঠক : কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে ঐক্যফ্রন্ট। ২৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে গণশুনানি করে জাতীয় ঐক্যফ্রন্ট। ২২ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই গণশুনানি করা হয়।

বিএনপির বিদেশবিষয়ক কমিটি গঠন : দলের বিদেশবিষয়ক ফরেন অ্যাফেয়ার্স কমিটি পুনর্গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ২১ সদস্যের এ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ ফেব্রুয়ারি এ কমিটি গঠন করা হয়।

স্কাইপে তারেকের বৈঠক, ট্রাইব্যুনালে মামলা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি।

১৫ ফেব্রুয়ারির মধ্যে সবগুলো জেলার প্রতিনিধিদের হাইকোর্টে মামলা করতে বলা হয়েছে। ৯ ফেব্রুয়ারি দুই পর্বে প্রায় ৪০টি জেলার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এরপর ১২ ও ১৩ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করে বিএনপির সাতজন প্রার্থী।

খালেদার মুক্তিতে প্রথম যে দুটি কর্মসূচি : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুটি কর্মসূচি ঘোষণা করেন।

এর মধ্যে ছিলো খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে বন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি ও একই দাবিতে ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী (ঢাকা মহানগর বাদে) প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

১০ বছর পর আইনজীবী ফোরামের কমিটি : প্রায় ১০ বছর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে প্রধান করে ৩১ জানুয়ারি এই কমিটি করা হয়েছে।

এরপর ৪ অক্টোবর দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করে বিএনপি।

দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে এই কমিটির। সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ভেঙে যায় বিএনপির বিদেশবিষয়ক কমিটি : তথ্যফাঁসের অভিযোগে ভেঙে যায় বিএনপির বিদেশবিষয়ক কমিটি। গত ১৭ জানুয়ারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।

বিএনপি পুনর্গঠনের পক্ষে মত : খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে পুনর্গঠন করার পক্ষে মত দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

তারা বলেছেন, বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনে পরীক্ষিতদের সামনে আনতে হবে।

এরপর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হলে দলকে পুনর্গঠন করতে হবে।

যারা প্রার্থী ছিলেন, নিজ নিজ এলাকার নেতাকর্মীদের মামলা থেকে পরিত্রাণ ও জেল থেকে মুক্ত করাতে হবে। যেসব এলাকায় আমাদের প্রার্থী ছিল না, সেখানে দলের মাধ্যমে নেতাকর্মীদের পুনর্বাসন করতে হবে। কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনে পরীক্ষিতদের সামনে আনতে হবে।’

১৭ জানুয়ারি সর্বপ্রথম খালেদা জিয়া অসুস্থ বলে দাবি : ১৭ জানুয়ারি নিয়মিত সংবাদ সম্মেলনে সর্বপ্রথম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভীষণ অসুস্থ। খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি তোলেন তিনি।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে ১৬ জানুয়ারি আদালতে উপস্থিত হতে পারেননি। নজিরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকিয়ে রাখা হয়েছে।

তার সুচিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদনই কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি। বরং সরকারের প্ররোচণায় কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দেয়ারই চেষ্টা করেছে।’

নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে কূটনীতিকদের কাছে নালিশ : বিএনপির তত্ত্বাবধানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে নানা ‘অনিয়ম’ তুলে ধরেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি জানিয়েছেন, আরেকটা ‘ভালো’ নির্বাচন দিতে সরকারকে বোঝাতে কূটনীতিকদের অনুরোধ করা হয়েছে। ৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এ কথা জানান। গুলশানের একটি হোটেলে বিকাল ৪টা থেকে দেড় ঘণ্টা স্থায়ী এই বৈঠকে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা অংশ নেন।

ভোটে ভরাডুবির পর প্রার্থীদের ঢাকায় ডাকে বিএনপি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেয়া দলীয় প্রার্থীদের ঢাকা আসতে নির্দেশ দেয় বিএনপি। ১ জানুয়ারি বিএনপি প্রার্থীদের ৩ জানুয়ারি সকাল ১০টায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। দেয়া হয় দলীয় প্রার্থীদের একটি চিঠিও।

তাতে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের অস্বাভাবিক ভোটের হিসাব, গ্রেপ্তার হওয়া এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ আটটি বিষয়ের তথ্য-সংবলিত একটি প্রতিবেদন দিতে বলা হয়। ভোট কারচুপির ভিডিও থাকলে তাও প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করতে বলা হয়।

সূত্র : নৈদিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১