আকাশবার্তা ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে নির্বাচনের দিনের মত হরতালেও নিরব দেখা গেছে বিএনপিকে।
হরতালের সমর্থনে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। তবে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের অবস্থানের পাশপাশি ঢাকায় অন্যান্য দিনের মত আজও দেদারসে চলছে গাড়ি।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের সরে যেতে ৩০ মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ। পুলিশের দেওয়া আল্টিমেটামের মাত্র তিন মিনিটের মধ্যেই তারা রাস্তা ছেড়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান।
এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপি নেতাকর্মীদের আধা ঘণ্টার মধ্যে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডিএমপির মতিঝিল বিভাগের পল্টন জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।
তখন রিজভী পুলিশের কাছ থেকে ১০ মিনিট সময় চেয়ে নেন। কিন্তু ৭ মিনিটের মধ্যেই দুপুরে খাবার ও নামাজের কথা বলে কর্মসূচি শেষ করেন তিনি।
রিজভীর এমন আচরণে দলের নেতাকর্মী, উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সেখানে এসেই ‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর/প্রহসনের নির্বাচন মানি না মানবো না’ স্লোগান দিতে থাকেন তিনি।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে পুরোপুরি সমর্থন জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট।