রবিবার ১৫ই মার্চ, ২০২৬ ইং ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সঠিক সময়জ্ঞানের গণ্ডগোলে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

  • পরিবার যদি মনে করে খালেদা জিয়ার প্যারোল প্রয়োজন তাহলে তারা প্যারোল চাইতে পারে: আমির খসরু
  • বিশেষ ব্যবস্থায় নাকি অন্য কোনো প্রক্রিয়ায় তার সিদ্ধান্ত দলকে নিতে হবে, পরিবারকে নয়: মাহমুদুর রহমান মান্না
  • খারিজের পর ৭ দিনের মধ্যে রিভিউর আবেদন করা উচিত ছিলো, এখন এত পরে কেন: ডা. জাফরুল্লাহ
  • বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন তার পরিবারের সদস্যরাই নেবে: মির্জা ফখরুল ইসলাম।

বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে ‘মা’ হিসেবে আখ্যা দিয়েছেন। দলের শীর্ষ নেতারাও নিজেদের সন্তান হিসেবে দাবি করেন। কিন্তু এখন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দলীয় সিদ্ধান্ত থেকে এড়িয়ে যাচ্ছেন তারা। সবকিছুই চাপানো হচ্ছে পরিবারের ওপর। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে পরিবার কি করছে তাও জানে না বিএনপি।

বিশেষ মুক্তির ব্যবস্থা, সম্পূর্ণ সিদ্ধান্ত পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। দুই বছর ১১ দিন কারাগারে থাকলেও দীর্ঘ এই সময়েও এখনো কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেননি তারেক জিয়াসহ হাইকমান্ড। এখন প্রতিদিনই খালেদা জিয়ার শরীর খারাপ হচ্ছে। এরই মাঝে আরও দুঃসংবাদ।

জানা যাচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে এবং ডান হাতও বেঁকে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি ঝরছে। হেঁটে টয়লেটে যেতে পারছেন না। খালেদা জিয়া অবশ হয়ে আজীবনের জন্য পঙ্গুত্ব হওয়ার শঙ্কাও প্রকাশ করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়া গত সপ্তাহে বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসা নিতে পরিবারকে বার্তা দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও এ ব্যাপারে বিএনপি কিছুতেই দায়িত্ব নিচ্ছে না। এখনো গুলশান-পল্টনে ব্যস্ত নির্বাচন উৎসবে।

বিএনপির এই আচরণকে বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল সময় জ্ঞানের গণ্ডগোল রয়েছে বলে মন্তব্য করেছেন।

তারা বলছেন, খালেদা জিয়ার জামিন দেবেন আদালত, আর প্যারোলে চাইলে তা দেবে রাষ্ট্র। এর জন্য প্রয়োজন উভয় ক্ষেত্রে চাপ প্রয়োগ করা। খালেদা জিয়ার যখন জামিন শুনানি হয় তখন বিএনপির উচিত হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে চাপ প্রয়োগ করা। খালেদা জিয়ার জনপ্রিয়তা প্রমাণ করা।

কিন্তু তারা সেগুলো করতে ব্যর্থ হচ্ছে। জামিন খারিজ হওয়ার পর বিএনপির উচিত ছিলো সাতদিনের মধ্যে রিভিউর জন্য আবেদন করা। হাইকোর্ট থেকে তাদের কাগজপত্র বের করতে লেগেছে একমাসেরও বেশি সময়।

এখন শুধু দলীয় আইনজীবী চিন্তা না করে আওয়ামী লীগ, ডান-বাম এবং সেরা সেরা আইনজীবীদের খালেদার মামলার জন্য লড়াই করানোর প্রস্তুতি নেয়া। খালেদা জিয়ার জন্য দলমত সবাই দাঁড়িয়েছে এটা প্রমাণ রাখা।

ড. কামাল হোসেনসহ সেরা আইনজীবীদের বাছাই করা। জীবন্ত খালেদা জিয়াকে পেতে প্যারোল নিয়ে বিএনপি যে মন্তব্য দিচ্ছে তা খালেদা জিয়ার জীবনের সঙ্গে সাংঘর্ষিক বলেও অনেকে মনে করছেন।

বিএনপির অতি রাজনীতির কারণে বাংলাদেশের রাজনীতি থেকে খালেদা জিয়া মাইনাস হয়ে যাবেন কিনা, সে প্রশ্নও উঠেছে। এর সঙ্গে পুরনো শঙ্কা তো রয়েছে সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীর জীবনাশঙ্কার।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আমার সংবাদকে বলেন, খালেদা জিয়া দলের প্রধান অথচ এখন তারা বলছে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বা বিশেষ ব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না। এটা পরিবার জানে, এটা কোনো কথা!

এমন বিষয় নিয়ে এখন মন্তব্য করলেও বিএনপির নেতারা রাগ করতে পারেন, কষ্ট পেতে পারেন। খালেদা জিয়া ভালো নেই, এক কথায় তার মুক্তির বিশেষ ব্যবস্থা নেয়া হবে নাকি অন্য কোনো প্রক্রিয়ায় তার সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে। আমি বলবো রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই, কোনো পুতুপুতু করে খালেদা জিয়ার মুক্তি কামনা করা বোকামি হবে।

বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আমার সংবাদকে বলেন, বিএনপির আসলে সময় জ্ঞানের গণ্ডগোল আছে, তাদের বিলাতের সময় একটা বাংলাদেশের সময় একটা। এজন্য কখন কোন সময় কি করতে হবে এটি তারা ভুলে গেছে। খালেদা জিয়া দলের প্রধান তার বিষয়ে সিদ্ধান্ত কি এটি বিএনপিকে নিতে হবে।

কিন্তু এখন তো বিএনপি থেকে একটা কথা আসছে, যারা সিনিয়র নেতা তারা দিচ্ছেন। আরেকটা কথা আসছে বিলেত থেকে, এজন্য সবার সাথে ত্রিমুখী নির্দেশনা-পরামর্শের কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছে না।

তারা যদি খালেদা জিয়ার মুক্তি চাইতো তাহলে তাদের উচিত যখন খালেদা জিয়ার জামিন শুনানি হবে তখন দলের হাজার হাজার নেতাকর্মী কমপক্ষে ১০ হাজার লোক যেন রাস্তায় বসে থাকে। চাপ প্রয়োগ ছাড়া খালেদা জিয়া মুক্ত হবে না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার জীবনের জন্য এখন সঠিক সিদ্ধান্ত প্রয়োজন। কিন্তু এখনো বিএনপির সময় জ্ঞান নেই। খালেদা জিয়ার জামিন শুনানি পর্যবেক্ষণসহ খারিজ হয়ে যাওয়ার পর পুনরায় রিভিউর জন্য কাগজপত্র উঠাতে তাদের সময় লেগেছে এক মাসেরও বেশি সময়। এটি কেন হবে?

তারা যদি জামিন চায়, তাহলে অবশ্যই সাতদিনের মধ্যে রিভিউ করা উচিত ছিলো। কিন্তু তারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারেনি। খালেদা জিয়ার প্রেসার এখন ১৩-১৪। খালেদা জিয়া যেকোনো মুহূর্তে পুরো অবশ হয়ে যেতে পারেন। এখনো সঠিক সিদ্ধান্ত কেন বিএনপি নিতে পারছে না। কারণ তাদের সিদ্ধান্ত আসে বিলেত থেকে।

তিনি আরও বলেন, রিভিউর আবেদন মুক্তির বিষয়টি আদালতে আর প্যারোলের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রের। কিন্তু যে প্রক্রিয়ায় হোক তার মুক্তি প্রয়োজন। বিএনপির উচিত আওয়ামীপন্থি আইনজীবী কিংবা ড. কামাল হোসেন, মঈনুল হোসেনকে দাঁড় করানো, সেটিও তারা করছে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমার সংবাদকে বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি কোনোভাবেই দল চাইতে পারে না। পরিবার যদি মনে করে খালেদা জিয়ার প্যারোল প্রয়োজন তাহলে তারা প্যারোল চাইতে পারে। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দলীয়ভাবে চাওয়ার কোনো নিয়ম নেই। যদি এই বিশেষ ব্যবস্থার প্রয়োজন বোধ করেন তাহলে তার পরিবারকে চাইতে হবে, বিএনপি চাইবে না। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি রাজনৈতিক-গণতান্ত্রিক আন্দোলন করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন সম্পূর্ণ তার পরিবারের ব্যাপার। এ সিদ্ধান্ত বেগম জিয়া নিজে কিংবা তার পরিবারের সদস্যরাই নেবেন।’ এর আগেও গত বুধবার খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার পরিবারের পক্ষ থেকে প্যারোলের জন্য আবেদন করা হয়েছে কিনা সেটি আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করুক। যেভাবেই হোক, তাকে বিদেশে নেয়ার জন্য আমাদের অনুমতি দিক। প্যারোলে দিলেও দিতে পারে।

কারণ তার (খালেদা) শারীরিক অবস্থা খুবই খারাপ।’ খালেদা জিয়া বিদেশ যেতে রাজি হবেন কিনা এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, উনার সম্মতি থাকবে।

উনার অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে, পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছেন না। বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে। ডান হাতেরও খারাপ অবস্থা। তার চোখ দিয়েও অনবরত পানি পড়ছে। পায়ে কোনো সাপোর্ট রাখতে পারছেন না। এই অবস্থায় একটা মানুষ তো চিকিৎসার জন্য যেখানেই হোক যেতে চাইবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১