আকাশবার্তা ডেস্ক :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাস্তবেই কোনও ফেসবুক ব্যবহার করেন না, তারপরেও সোশ্যাল মিডিয়ায় নকল তিনি। তার নামে ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।
এই প্রেক্ষিতে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) কামরুজ্জামান চৌধুরী বলেন, এসব অ্যাকাউন্ট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২৮ জুন) এ তথ্য জানান তিনি।
কামরুজ্জামান চৌধুরী বলেন, অনেকে বাণিজ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট চালায়। এসব ফেইক অ্যাকাউন্ট যারা পরিচালনা করেন তাদের অনুরোধ করা যাচ্ছে, আইডিগুলো বন্ধ করে দিন। না হয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কিছুদিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে এ ধরনের কয়েকটি ফেইক আইডি বন্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রীর ব্যক্তিগত এই কর্মকর্তা বলেন, এখনও কিছু ফেইক আইডি লক্ষ্য করা যাচ্ছে।