আকাশবার্তা ডেস্ক :
বৃষ্টি নিয়ে আবার দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, আজ শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এরপর তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে পারে।
এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।
গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।