আকাশবার্তা ডেস্ক :
সারাদেশে চার জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে জয়পুরহাট ১২ জন, গোপালগঞ্জ, যশোর ও ভোলায় একজন করে মোট তিনজন নিহত হয়েছে। বিস্তারিত পড়ুন প্রতিবেদনে :
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল গেট এলাকায় একটি যাত্রিবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।
ঘটনা ও জয়পুরহাট ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা (বগুড়া জ-১১-০০০৮) বাধন পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস হিলিতে যাওয়ার সময় পুরানাপৈল রেলগেটের গেটম্যান গেট না ফেলার কারণে রেলক্রসিং করতেই পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ১ হাজার মিটার দূরে ছিচরে নিয়ে গিয়ে ট্রেনের ইঞ্জিনটি লাইনচূত হয়।
এসময় বাসে থাকা ১০ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ৫ জন আহত হলে ঘটনার খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠালে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে স্থানান্তরের সময় পথিমধ্যে আরো দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-বাস চালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চক বিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া, জয়পুরহাট সদর উপজেলাধীন দোগাছীঁর আব্দুল লতিফ, দেবীশ্বরের বাবুল ফকির, শহরের চিত্রাপাড়ার রেজাউল, ক্ষেতলাল উপজেলার ইটাখোলার শ্রীঃ সুমন বাঁশফোর, ও নওগাঁর রানী নগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু প্রমুখ।
আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তুতবাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শাহারুল ইসলাম ইরান (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নুর জালাল মজুমদারের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী নিহতের চাচাত ভাই রাসেল মজুমদার (২৯) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জিব কুমার ধর গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সেবা দিই। চিকিৎসাধীন অবস্থায় শাহারুল ইসলাম ইরান মারা যান।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মলয় রায় গণমাধ্যমকে বলেন, তারা দুইজন মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি সুলতানশাহী থেকে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে তুতবাটী সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন।
ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেরের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরোহীদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর প্রতিনিধি : যশোর-মাগুরা মহাসড়কের হুদোরাজাপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে শাহীন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়। এসময় আহত হয়েছেন অন্তত ২২ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলো। বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌঁছালে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়।
এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে এক শিশুসহ ২২ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। অন্যদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
ভোলা প্রতিনিধি : ভোলায় ট্রাক চাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তায় পাশে দাড়িয়ে ছিলো।
এসময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররি শ্রমিককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ঘাতক ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে।