বিনোদন ডেস্ক :
সোশ্যাল মিডিয়ায় বছর ব্যাপী আলোচনা- সমালোচনার কেন্দ্রে থাকেন আশরাফুল আলম। হিরো আলম নামেই যিনি ভক্তদের কাছে অধিক জনপ্রিয়। তিনি দেশের একমাত্র স্বঘোষিত হিরোও বটে। একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন বগুড়ার এই হিরো আলম।
সমালোচনাকে পাত্তা না দিয়েই এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি। রীতিমতো তার এ গান নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে গানে বিশেষ করে উগান্ডার নাম উল্লেখ করা হয়েছে। গানের ভাষা উগান্ডার কি না তা সঠিক ভাবে জানা যায়নি।
শুক্রবার (২৫ জুন) মিউজিক ভিডিও আকারে গানটি হিরো আলমের ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।
গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও থেমে থাকেননি ডিস ব্যবসায়ী হিরো আলম। এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে। ভক্তবৃন্দরা আশা করছেন আরো ভিন্ন ভিন্ন ভাষায় গান তারা হিরো আলমের কাছে উপহার পাবেন।