আকাশবার্তা ডেস্ক :
গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে রাজধানীতে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।
বুধবার সকাল পৌনে ৭টার পর শুরু হওয়া ঝড় ও বৃষ্টি প্রায় এক ঘণ্টা পর পৌনে ৮টার দিকে কমে আসে। এরপর লোকজনও ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। এরমধ্যে বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে ফরিদপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। এতে গরমও কমে এসেছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভাপসা গরমের পর হঠাৎ বৃষ্টির কারণে জনজীবনে স্বস্তি নেমে আসে। বৃষ্টি শুরু হওয়ার আগে কয়েক মিনিট ঝড়ো বাতাস হলেও কোনো বজ্রপাত হয়নি।
বুধবার (২০ এপ্রিল) ভোর ৪টার দিকে নওগাঁয় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ায় আমের উপকার হলেও ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। শেষ রাতে ঝোড়ো হাওয়ায় মাঠের প্রায় ৯০ শতাংশ ধান মাটিতে নুইয়ে পড়েছে। এতে করে ধানচাষিদের গুনতে হবে বাড়তি টাকা।
এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এমন পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।