রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় লাখের বেশি লোক সমাবেশ করবে আ.লীগ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে বিএনপির যে কোনো বড় কর্মসূচি থাকলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের আশঙ্কা, কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করতে পারে বিএনপি। এ কারণে বিএনপির যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলায় ‘শান্তি সমাবেশ’ বা অনুরূপ নামে কর্মসূচি পালন করে দলটি। গত কয়েক মাস ধরে এমনটিই চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিএনপির আজ বুধবারের সমাবেশের দিনও পাল্টা সমাবেশ ডেকেছে ক্ষমতাসীনরা। বিএনপির সমাবেশস্থলের এক কিলোমিটারের মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রায় একই সময়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এই সমাবেশে দেড় লাখের বেশি লোকের উপস্থিতি ঘটাবে তারা। এছাড়া পাড়ায়-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দলটি। সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউসহ বেশকিছু এলাকায় মহানগর আওয়ামী লীগের নেতারা সতর্ক অবস্থানে থাকবেন। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, বিদেশিদের উপস্থিতিতে বিএনপির বড় সমাবেশ দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। তবে বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো সমস্যা নেই। অতীতের ন্যায় নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে গত সোমবার বিকালে প্রস্তুতি সভা করেছে মহানগর আওয়ামী লীগ। সেখানে আজকের শান্তি সমাবেশ মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে পালনের ঘোষণা দিয়েছে। এজন্য অন্তত দেড় লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নেয়া হয়েছে। এছাড়া ঢাকার প্রতিটি পাড়ায়-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রাজপথ কোনোভাবেই বিএনপির দখলে ছেড়ে দিতে চায় না দলটি। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমরা দেঢ় লাখ জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছি। আজ বিকাল ৩টায় বায়তুল মোকারররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, সোমবার প্রস্তুতি সভায় মহানগর আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে আজকের সমাবেশ সফল করার নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকার রাজপথ কোনোভাবেই আমরা বিএনপিকে দখলে নিতে দেব না। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

যা বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুখ খান বলেন, আমি মনে করি বিএনপি বোকাদের দল। তারা এতদিন বলে আসছে, তাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয় না। এখন তারা বিদেশিদের দেখাতে চায় তারা বড় সমাবেশ করছে। এটা একদিক দিয়ে সরকারে জন্য ভালো দিক; কারণ বিদেশিরা তখন বিএনপিকে বলবে ‘তোমরা তো আমাদের বলো তোমাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না’। এখন তো দেখছি তোমরা বিরাট সমাবেশ করেছ। তখন তারাই তাদের বলবে যে তোমরা আমাদের মিথ্যা তথ্য দাও। আমি মনে করি, এটা দেশের জন্য পজেটিভ। গণতন্ত্রের জন্য পজেটিভ। তিনি বলেন, আজকে বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। যেসব বিদেশি অতিথি আমাদের দেশে আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ। তারা আসছেন, এজন্য বিএনপি লোক দেখিয়ে সমাবেশ করল। আর তারা বিএনপির পক্ষে চলে গেল- এ ধরনের কিছুই হবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সবসময় শান্তির পক্ষে রাজপথে আছি। আমাদের নেতাকর্মীরা মাঠেই আছেন। আমরা আগেই ঘোষণা দিয়েছি বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা নির্বাচন পর্যন্ত শাস্তি সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে থাকব। আজকেও থাকব।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সমাবেশ করবে-করুক। আমরা বাধা দিচ্ছি না, দেবো না। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরাও নির্বাচন পর্যন্ত রাজপথে আছি। সেই হিসেবে আজকেও ঢাকায় শান্তি সমাবেশ করব। বিএনপি ঢাকায় নিয়মতান্ত্রিক সমাবেশ করলে কোনো সমস্যা নাই। আর যদি সমাবেশের নামে অসৎ উদ্দেশ থাকে, তাহলে তার সমুচিত জবাব পাবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সবসময় যা করেছে, আগামীতেও সেটাই করবে। মানুষকে ভয়ভীতি দেখানো, নির্বাচন ভন্ডুল, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে- এটাই স্বাভাবিক। আগামীতেও তারা সে পথেই হয়তো হাটবে। আর আমরা বরাবরের মতোই শান্তির পথে হাঁটতে চাই। শান্তি-সম্প্রীতি রক্ষা করতে চাই। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করব। জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিক- তারাই তাদের পছন্দের সরকার বেছে নেবে- আমরা সেই পরিবেশটা তৈরি করছি। এটাকে যারা বাধাগ্রস্থ করবে, তাদের সমুচিৎ জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল এখন দেশে অবস্থান করছে। এই সময় তাদের এ ধরনের কর্মসূচি দেয়ার অর্থ তারা আসলেই কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে সন্দিহান। তারা শক্তি দেখাতে চেষ্টা করছে মাত্র। তিনি বলেন, আসলে বিদেশিদের কাছে বিএনপির শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন তো নেই। তাদের যদি কোনো অনুযোগ, অভিযোগ থাকে সেটি জনগণের কাছে বলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাদের সমস্ত কর্মসূচি, সমস্ত কথাবার্তা হচ্ছে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টাপ্রসূত। এটি রাজনৈতিক দল হিসেবে তাদের দেউলিয়াত্বই প্রকাশ করে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১