লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবারের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল ৫টায় চকবাজার এলাকায় মিছিলের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে একটি মিছিল চক মসজিদের সামনে বের হয়।
এসময় পাল্টা কর্মসূচি নিয়ে আসা ‘জুলাই যোদ্ধা ফোর্সের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। দুইপক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এছাড়া অন্তত ৫ জন সাধারণ পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ বলেন, “পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার এবং সব ধরণের জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।