লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে মব করে অপহরণ মারধর অর্থ আদায়ের চেষ্টাকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শহরের বালিকা বিদ্যানিকেতন এলাকা থেকে জামালকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে যায়। পরে অপহৃত যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।
হেলাল জেলার রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য।
আটক ছাত্রদল নেতা জামাল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
জেলা পুলিশ জানায়, শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় জামালকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভিকটিমের ভাষ্যমতে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যায়িত করে তাকে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানেকতনের মাঠে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মারধর এবং মবের চেষ্টা করেন অভিযুক্তরা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।