
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আরমান হোসেন বাবু নামে এক বখাটেকে একবছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মো. আবু ইউসুফ এই কারাদন্ডাদেশ দেন। অভিযুক্ত বাবু রামগঞ্জ পৌরসভার টামটা শেখের বাড়ির সফিক ড্রাইভারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার টামটা গ্রামের ক্বারী বাড়ির মনির হোসেনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী স্বর্ণা আক্তারকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছে বখাটে বাবু। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর, আ.লীগ নেতা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে জানালে বাবু আরো ক্ষীপ্ত হয়ে উঠে। এতে উপায়ন্তর না দেখে ছাত্রীর পিতা মনির হোসেন মঙ্গলবার দুপুরে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। ইউএনও মো. আবু ইউসুফ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে বাবুকে আটক করে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একবছরের কারাদন্ড দিয়ে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম সান্তুলু চৌধুরী, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, খোরশেদ আলম ও মিজানুর রহমান প্রমুখ।