আকাশবার্তা ডেস্ক :
পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির একাংশ ডুবে গেছে। এ সময় চালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দিলেও একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মনিরুজ্জামান।
তিনি জানান, ফেরিতে একটি যাত্রীবাহী গাড়ি ও ৮টি ট্রাক ছিল। এসব যানবাহন নিয়ে ফেরিটি কঁচা নদীর মাঝ বরাবর পৌঁছালে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ সেটিকে ধাক্কা দেয়। এতে ফেরির তলা ফেটে যায় ও একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ফেরিতে থাকা অন্য ইঞ্জিন চালিয়ে সেটি বেকুটিয়া এলাকার চরে উঠিয়ে দেন চালক।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। ওই লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যেতে পারায় বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেছে। বাসের যাত্রী ও ট্রাকে থাকা গরু তীরে সরিয়ে নেয়া হয়েছে।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরিতে থাকা ট্রাকগুলো ক্রেন দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। যানচলাচল স্বাভাবিক রাখার জন্য আরেকটি ফেরি এনে চালু করা হয়েছে বলে জানান তিনি।
বেকুটিয়া ঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।
তবে পারাপার বন্ধ থাকায় খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ওই দুই ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট।