
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল লক্ষ্মীপুর’ (জিওয়াইএফএফএল)। জেলায় প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূণ্য’। ‘লেটস সিনেমা’ শ্লোগানে ১০ জানুয়ারি বুধবার থেকে আগামী ১২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই উৎসব চলবে জেলা টাউন হল অডিটরিয়ামে।
চেয়ারম্যান রামেন্দু মজুমদার উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর অতিথিরা উৎসবের লোগো উম্মোচনের মাধ্যমে উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, বাংলাদেশের প্রথম নারী পিডি সেলিনা আক্তার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব প্রমুখ।
জিওয়াইএফএফএল-২০১৮ উৎসবের জুরিবোর্ড সদস্য হিসেবে আছেন, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ও চলচ্চিত্র বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী।
উৎসবের ৬টি বিভাগের মধ্যে বিশ্বের ১০২টি দেশের মোট ২০৪৭টি চলচ্চিত্র জমা পড়েছে। যাচাই-বাচাই করে সর্বমোট ৪৬টি দেশের ৭১টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শন করা হবে বলে জানা গেছে।
উৎসব পরিচালক জিসান মাহাদি বলেন, ‘সব আয়োজনই আসলে ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। যে কারণে আমরা এ আয়োজনের মধ্য দিয়ে ঢাকার বাইরের তরুণদের উৎসাহিত করতে চাই। লক্ষ্মীপুরের মতো শহরেও যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজন করা সম্ভব, সেটাই আমরা প্রমাণ করতে চাই এই আয়োজনের মাধ্যমে।’