
আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে সদর উপজেলা দাসেরহাট, নতুনহাট ও জনতা কলেজ সংলগ্ন প্রায় ১২ কিলোমিটার খাদাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ একতা সংস্থার উদ্যোগে স্থানীয় জনতা কলেজ ও রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আলমগীর হোসেন শাওন, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
দ্রুত সড়ক সংস্কারের দাবী করে বক্তারা বলেন, দাসেরহাট, নতুন হাটসহ এসব এলাকায় কোন ধরণের দুর্ঘটনা কিংবা চুরি-ডাকাতির মতো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস, এম্বুল্যান্স ও আইন-শৃংঙ্খলা বাহিনী যথাসময়ে আসতে পারেনা। এছাড়াও স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে বিদ্যালয়ে আসতে হয়। এতে করে শিক্ষার্থীসহ ৬টি ইউনিয়নের মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হন। সড়ক সংস্কারের দ্রুত একটা সমাধান চান এলাকাবাসী।
জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় এমপি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় রাস্তাটি সংস্কারের জন্য সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।