নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোঃ মাসুদ ও সাইফুল ইসলাম নামের দুই ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার।
মোঃ মাসুদ চন্দ্রগঞ্জ ইউপির পূর্বরাজাপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম হামছাদি ইউনিয়নের আলিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সোমবার (১৬ এপ্রিল) দুপুরে মাসুদের স্ত্রী বিবি আয়েশা ও সাইফুলের বাবা ইসমাইল হোসেন চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

ভুক্তভোগি পরিবার লিখিত অভিযোগে জানান, মোঃ মাসুদ এবং সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় কাঁচা মালের ব্যবসা করে আসছেন। গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে জোনাকী পরিবহন যোগে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের ফেনী সড়কের বড়পোল নামকস্থানে পৌঁছালে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে ৫/৬ জন লোক তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি পরে একই গ্রামের মোঃ আব্দুল মোতালেবের মাধ্যমে জানাজানি হয়। তিনিও চট্টগ্রামের একই স্থানে সুপারী ব্যবসা করেন। ওইদিন একই গাড়িতে একসাথে বাড়িতে আসার জন্য রওনা হন তারা।
এদিকে পরিবারের সদস্যরা নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন আইন শৃংখলার বাহিনীর নিকট খোঁজখবর নিয়েও তাদের কোন সন্ধান পায়নি।
পরে বিষয়টি র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিতভাবে জানানো হয়। গত ১১দিনেও নিখোঁজ মোঃ মাসুদ এবং সাইফুল ইসলামের সন্ধান না পাওয়ায় উভয় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ-উৎকন্ঠায় আছেন।
এছাড়াও বেগমগঞ্জ এবং চন্দ্রগঞ্জ থানায় ঘটনাটি সাধারণ ডায়রি করার জন্য গেলে থানায় তাদের সাধারণ ডায়রি (জিডি) গ্রহণ করেনি বলেও অভিযোগ ভুক্তভোগি পরিবারের সদস্যদের।