নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর প্রেসক্লাবের ইতিহাসে এ প্রথমবারের মতো সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৩ ক্যাটাগরীতে পুরস্কার ও সম্মাননা পেলেন ২০ জন সাংবাদিক। রোববার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে এসব পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এই প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়।
বছর জুড়ে (২০১৭ থেকে ২০১৮ এর ২৫ এপ্রিল) সেরা প্রতিবেদনের জন্য জুরী বোর্ড কর্তৃক যাচাই বাছাইয়ের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম পাবেল, কালের কন্ঠের কাজল কায়েস, যুগান্তরের আবুল কালাম আজাদ, সমকালের আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর কন্ঠের রফিকুল ইসলাম, বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার আক্তার আলম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আব্বাস হোসেন, একুশে টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস নয়ন, বিটিভির মো. জহির উদ্দিন ও বাংলানিউজ টুয়েন্টিফোরের সাজ্জাদুর রহমান।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনে নির্যাতনের শিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ চ্যানেল আই ও জনকন্ঠের মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, প্রথম আলোর এম জে আলম, চ্যানেল২৪ এর সাইফুল ইসলাম স্বপন ও মাছরাঙ্গা টেলিভিশনের শাকের মো. রাসেলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এদিকে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংবাদিক এম এ মঈদ, সাংবাদিক জাকির হোসেন, সাইফুল আলম খান, মনোয়ারের রহমান খোকনকে মরনোত্তর সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়। নিহতের পরিবারের সদস্যরা এসব ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় জেলার সংসদ সদস্য মোহাম্মদ নোমান ও সংসদ সদস্য আব্দুল্যাহ আল মামুনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এসইপি/এবি