নাজিম ভূঁইয়া, সৌদিঅারব থেকে :
নিজ দেশে থাকা ভিনদেশিদের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটতে চাচ্ছে সৌদি আরব । সৌদিতে থাকা প্রবাসীদের ব্যাপারে প্রতিনিয়ত বিস্তারিত খোঁজ খবর নিতে শুরু করেছে সৌদি সরকার। আর এ সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান! আগামী চার মাসের মধ্যে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করান সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সৌদি গেজেটের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়, আইন ভঙ্গ করা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার কারণে পাকিস্তানের সঙ্গে এমন আচরণ করছে সৌদি আরব। সৌদি সরকার জানিয়েছে, এসব অভিযোগে অভিযুক্তদের বেশির ভাগই পাকিস্তানি। সৌদি আরব সন্ত্রাসবাদ এড়িয়ে চলতে চায়। আর এ কারণে পাকিস্তানকেই হুমকি বলে মনে করছে অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি।
সৌদি আরবের শুরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আাবদুল্লাহ আল সাদোয়ান বলেন, ‘পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদে জর্জরিত। কারণ এর কাছে আছে আফগানিস্তান। তালেবান চরমপন্থীদের জন্ম পাকিস্তানেই।’ সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ৮২ জন পাকিস্তানি আটক আছে ওই দেশে। সন্ত্রাসবাদের জন্য এদের সন্দেহ করা হচ্ছে।