সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযান : বন্দুকযুদ্ধে নিহত ৬

আকাশবার্তা ডেস্ক : 

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরমধ্যে কেরানীগঞ্জ, বড়াইগ্রাম, লক্ষ্মীপুর, যশোরে একজন করে মোট চারজন এবং কুষ্টিয়ায় দুইজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলাও রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :


কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে নুর হোসেন নুরা নামে এক ব্যক্তি ঢাকার ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার নবাবগঞ্জ-দোহার সড়কের দেওশুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক সম্রাট বলে দাবি করেছেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ শাহ জামান। তিনি বলেন, নুরার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানে সে কেরানীগঞ্জ ছেড়ে মুন্সিগঞ্জ জেলায় গিয়ে অত্মগোপন করে। সেখানে বসে মাদক নিয়ন্ত্রণ করছিল। উপ-পরিদর্শক বিপুল চন্দ্রের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে নুরাকে গ্রেপ্তারর করা হয়। তাকে নিয়ে কেরানীগঞ্জের কালিন্দি দেওশুর এলাকায় আসলে নুরার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ নুরা গুলিবিদ্ধ হয়। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এসময় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি মোহাম্মদ শাহ জানামন।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সম্পর্কে তারা মামা ভাগ্নে। র‌্যাবের দাবি এ ঘটনায় তাদের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাতে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাই মিনুল রহমান জানান, মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে একটি অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায় বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুই জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে র‌্যাব জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি সম্পর্কে মামা ভাগ্নে ও তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি নাইন এমএম পিস্তল, ১টি দেশী ওয়ান শুটারগান, ২টি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ লিটার চোলাই মদ, ১৫০০ পিচ ইয়াবা ও ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।নিহত ফুটু ওরফে মোন্না কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে। র‌্যাব দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ওসমান গণি (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ৪১০গ্রাম হেরোইন, একটি ৭.৬২ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, পিস্তলের গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের গুরুমশাইল এলাকার মৃত মুনসুর আলী মুন্সীর ছেলে। ওসমান গণির বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজি সহ ৫ টি মামলা রয়েছে এবং সে নাটোর জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে দাবী র‌্যাবের।

র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, বাহিমালী বাজার মোড় থেকে ভাটুপাড়া গ্রামে যাওয়ার একশত গজ উত্তরে কাঁচা রাস্তার উপর টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায় র‌্যাব সদস্যরা। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাবের টহল দল উক্ত স্থানের দিকে অগ্রসর হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আত্মমর্পনের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। এসময় মাদক ব্যবসায়ী দলের ৩-৪ জন সদস্য পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজন পড়ে থাকে। পরে তাকে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। এদিকে বন্দুকযুদ্ধে নিহত ওসমান গণির ভাই শাহিন সেখ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে বনপাড়া পৌরসভার রশিদ ডিলারের মোড় থেকে র‌্যাব সদস্যরা হেলমেট পড়িয়ে তাকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তার খোঁজে র‌্যাব, ডিবি ও থানা অফিসে খোঁজ করা হলে ওসমান গণিকে আটক বা তুলে আনার কথা অস্বীকার করেন। এরপর রাত দুইটার দিকে ফেসবুকে সাংবাদিকদের নিউজ দেখে জানা যায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবী ওসমান গণি গত ৬ মাস যাবত কোন মাদক কেনা-বেচার সাথে জড়িত ছিলো না।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে সুরাইয়া সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় পুলিশের এসআই মোতাহের হোসেন ও কনস্টেবল গোলাম মোস্তফা নামে দুই পুলিশ সদস্যও আহত হন। (আজ) বুধবার ভোররাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের সিংহের পোল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সোহেল রায়পুরের উত্তর দেনায়েতপুর গ্রামের মৃত মুনাফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের ৬টি মামলাসহ ২২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, লক্ষ্মীপুর সদরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে মাদকসহ ২২টি মামলার আসামি সুরাইয়া সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। পরে রাতে তাকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়, পুলিশও গুলি চালায়। এ সময় সুরাইয়া সোহেলের অনুগতদের গুলিতে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।

যশোর : মণিরামপুরে দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের (৩২) নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি থানার পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দু’দল ডাকাতের সঙ্গে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

সূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১