আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা এলাকায় সিন্ধু নদে নৌকা ডুবে ছয় জন নিহত হয়েছে।নিখোঁজ রয়েছেন সাত জন। শুক্রবার সন্ধ্যা রাতে ৩০ জন যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি নদের বালরেজি ফেরি পয়েন্টের অপর পাড়ে নোঙর করা অবস্থায় পাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর দ্য ডনের।
শনিবার সকালে উদ্ধারকাজে স্থানীয় লোকজনের সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর ডুবুরিরা যোগ দেওয়ার পর ছয় জনের লাশ খুঁজে পাওয়া যায়। ১৭ জন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হন বলে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন স্থানীয় ফতেহপুর থানার পুলিশ কর্মকর্তারা। আরো সাত জন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করেছেন তারা।
শুক্রবার রাতেই ডুবুরিরা ঘটনাস্থলে উপস্থিত হলেও অন্ধকারের কারণে উদ্ধারকাজ শুরু করতে পারেননি।অতিরিক্ত বোঝাই নৌকাটিতে বেশ কয়েকটি মোটর সাইকেলও ছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মাল তোলার কারণেই নোঙর করা অবস্থায় থাকার পরও নৌকাটি উল্টে যায় বলে তাদের দাবি।
নৌকাটি মুহবান পিরের উরস থেকে ফেরা লোকজনকে অপর পাড়ে ফেরি পয়েন্টে পৌঁছে দেওয়ার কাজ করছিল বলে জানিয়েছেন তারা। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের সবার বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।