বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের ভাগ্য উন্নয়নই আ.লীগের একমাত্র লক্ষ্য : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নই আ.লীগের একমাত্র লক্ষ্য। নিজের জন্য নয়, জনগণের ভাগ্যের উন্নয়নই আমার রাজনীতি।

বৃহস্পতিবার (০৪অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উন্নয়ন মেলাগুলো গণভবনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানান মুখ্য সচিব।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই মূল লক্ষ্য; তা অর্জনেই আমরা নিরন্তর কাজ করছি। ‘আজ বাংলাদেশ নিজের টাকার বাজেট দিচ্ছে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, বিনিয়োগ সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়।’

উন্নয়ন মেলার মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সুযোগ কাজে লাগিয়ে জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। জনগণের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।’ ‘আমি উন্নয়ন মেলা তরুণদের জন্য উৎসর্গ করছি। তরুণরা উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস ও মাদক দমন করে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ প্রতিটি ক্ষেত্রে উন্নতি করছে। এই পরিকল্পনা আমরা বহু আগেই করেছিলাম। আমরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। বিশেষ করে শিক্ষায়। আমাদের তরুণ ছেলেমেয়েরা যেন সুশিক্ষা পায় যেটি তার জীবন জীবিকার পথ উন্মুক্ত করে দেবে, দেশে বিদেশে কর্মসংস্থানে ব্যবস্থা হবে সেটি নিশ্চিত করতে পেরেছি।’

‘আমরা ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উন্নত শিক্ষা গ্রহণ করে তারা যেন দেশে ও বিদেশে সুনাম অর্জন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় যেন কোনও সমস্যা না হয়, সেজন্য আমরা ভাতার ব্যবস্থা করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল যুগে কেউ পিছিয়ে থাকুক সেটা আমরা চাই না। এসএসসি পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে অনলাইনে যেন শিক্ষা পায় আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি।’ বাংলাদেশ কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না। নিজের পায়ে দাঁড়াবে। ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।

জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। (দেশের) সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলা উদ্বোধন ঘোষণার পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নড়াইলের লোহাগড়ার সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে একথা বলেন।

ভিডিও কনফারেন্সে নড়াইলের লোহাগড়ার একজন উপকারভোগীর কথার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই যে তার মনের যে চেতনা, কারও কাছে হাত পেতে চলব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মানুষের কাছে ভিক্ষা করে চলতে হতো। আজকে তার পুর্নবাসন হয়েছে এবং নিজের কাজ নিজে করে খেতে পারছেন। এটাই সবথেকে বড় কথা। এভাবে যেন আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি।

তিনি বলেন, কোনো মানুষকে যেন কারও কাছে হাত পেতে বা ভিক্ষা করে চলতে না হয়। সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। সেটাই আমরা করে যাচ্ছি এবং আমর তা করে যাব। দেশকে সেভাবে গড়ব।

এসময় নড়াইলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা একটু অন্য জায়গায় যাই। কারণ বহু লোকদীর্ঘ সময় অপেক্ষা করে আছে। আমরা আরও কয়েকটা জেলায় কথা বলব। আর নড়াইল তো আমার নিজের জায়গা। এখানে তো আমি বহুবার গিয়েছি। আর আপনাদের কাছে তো সবচেয়ে বড় সম্পদ রয়ে গেছে। আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। (দেশের) সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’ এসময় মাশরাফির জন্যও নড়াইলবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

এবারের জাতীয় উন্নয়ন মেলায় এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার্থীদের জন্য থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ‘অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা’। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা’ উপহার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখলাম-পাসের হার বৃদ্ধি পেলেও সেখানে কয়েকটি বিষয়ে আমাদের ছেলেমেয়েরা একটু পিছিয়ে আছে। এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে কেউ পিছিয়ে থাকুক সেটা আমরা চাই না।

প্রধানমন্ত্রী বলেন, এবারের উন্নয়ন মেলায় আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেটা হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার- সেটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও গণিতে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা। অর্থাৎ অনলাইনে তারা এ বিষয়গুলোতে শিক্ষা নিতে পারবে সে ব্যবস্থা আমরা করেছি।

পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির জন্য বিভিন্ন বিষয়ে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা করা হবে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিষয়ে ডিজিটাল পাঠ সহায়িকা করে দিবো, যাতে আমাদের ছেলেমেয়েরা যেকোন বিষয় অনলাইনে পেতে পারে।

প্রধানমন্ত্রী সারাদেশে ইন্টারনেট, ডিজিটাল সেন্টার চালুসহ কম দামে সবার হাতে ল্যাপটপ-স্মার্টফোন তুলে দিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। বিভিন্ন ভাষা শিখতে ‘অ্যাপ’ তৈরির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শুধু ইংরেজি না ১০টি ভাষায় আমরা একটা অ্যাপ তৈরি করে দিয়েছি, যা অনলাইনে পাওয়া যাবে। এখান থেকে বিভিন্ন ভাষা শেখা যাবে। বিদেশে চাকরি করতে চায় তারা এখান থেকে ভাষা শিখে নিতে পারবে।

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবো। সেটি আমরা এমন ভাবে উদযাপন করতে চাই সে সময় বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্য মুক্ত দেশ। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু বর্তমানে যারা আছে তারা নয়। তরুণ প্রজন্মের যত নাগরিক হবে বা যে শিশুটি জন্ম নেবে। সেও যেন একটা সুন্দর পরিবেশে জন্ম নিতে পারে। তার বাবা, মা তাকে সবদিক থেকে উন্নত করতে পারে। সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ ও উন্নয়ন পরিকল্পনা।’

উল্লেখ্য, ‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই স্লোগানে সারাদেশে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীসহ দেশের জেলা, উপজেলাগুলোতে উন্নয়ন মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হচ্ছে। মেলায় উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। ভিডিও কনফারেন্সে বিভিন্ন উপজেলার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১