আকাশবার্তা ডেস্ক :
বৈঠকে জানানো হয়, মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে মর্মে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে বলে কমিটিকে জানানো হয়। কমিটি এবিষয়ে তৎপর থাকার এবং অন্যকোন ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপের বিবরণ উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের বিশ্বয়কর অগ্রগতিতে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান ও বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি সম্পর্কে বিশ্ব নেতাদের বিভিন্ন ইতিবাচক মন্তব্য তুলে ধরা হয় এবং বাংলাদেশ যাতে এভাবে এগিয়ে যায় সেজন্য সবার সহযোগিতা চাওয়া হয়।
বৈঠকে বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের নেতিবাচক অপপ্রচার মোকাবেলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্ব কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।