আকাশবার্তা ডেস্ক :
শুক্রবারই (০৯নভেম্বর) নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। তবে টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রীত্ব পাবে না। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। একইসঙ্গে নির্বাচনকালীন সরকারে নতুন মুখ আসছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৮নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
আপনি নিশ্চিত নতুন মুখ কেউ আসছে না- প্রশ্নে মুহিত আরো বলেন, মোটামুটি নিশ্চিত। কারণ, সরকারটা তো কোয়ালিশন সরকার। এমন কোনো সদস্য নেই যাকে দেওয়ার দরকার আছে। সুতরাং আমার মনে হয় না কোনো এডিশন হবে।
টেকনোক্র্যাট চারজনের পদত্যাগপত্র গ্রহণ হবে কি না- প্রশ্নে মুহিত বলেন, তারা এখনও আছেন। অ্যাকসেপ্ট করতে হবে তো। অ্যাকসেপ্ট সম্ভবত কালকে (শুক্রবার) হতে পারে কিংবা আজকে রাতেও (বৃহস্পতিবার) হতে পারে। প্রধানমন্ত্রী যেদিন বলবেন।
তাদের জায়গায় অন্য কাউকে দেওয়া হবে কি না- প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, যারা আছেন তাদেরই চারজন কেউ কেউ চার্জে থাকবে। যার মিনিস্ট্রি একটা আছে তার দুইটা হয়ে যাবে।
এসব মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, নতুন কাউকে আনা হবে না। এ চার মন্ত্রণালয়গুলো বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হবে।’
প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার (০৬ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংলাপ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আলোচনা শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কালকে (শুক্রবার) হবে বলেও ধারণা দেন মন্ত্রী।
এদিকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণের পর তাদের (৪ টেকনোক্র্যাট মন্ত্রী) পদত্যাগ কার্যকর হবে।
সূত্র : দৈনিক আমার সংবাদ