সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইসিতে ১৪ দলের পাল্টা নালিশ

আকাশবার্তা ডেস্ক :

ঐক্যফ্রন্ট ১৩ দফা দাবি জানানোর পরদিন ৮ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

১৪ দলীয় জোটের পক্ষে দিলীপ বড়ুয়া শুক্রবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের দাবি সম্বলিত চিঠি পৌঁছে দেন।

জোটের ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকও করেন।

বৈঠক শেষে দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, “বিএনপি ও ঐক্যফ্রন্ট যেসব অভিযোগ করছে তা উদ্ভট, বানোয়াট ও মিথ্যাচার। আমরা কমিশনকে ৮ দফা লিখিতভাবে দিয়েছি। প্রশাসনে প্রত্যাহার যথাযথ মনে করি না।”

নির্বাচন কমিশন ও প্রশাসনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতেই ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

“প্রশাসনে রদবদল ইসির এখতিয়ার। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা কমিশন করবে। কিন্তু নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসন-পুলিশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে বিএনপি ও ঐক্যফন্ট একেরপর এক অভিযোগ আনছে। তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়ন ও অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্যই তা করা হচ্ছে।”

১৪ দলীয় জোটের পক্ষ থেকে সিইসি বরাবরে লেখা চিঠিতে বলা হয়েছে- ইসি, প্রশাসন ও সরকারের বিরুদ্ধে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট-এর পক্ষ থেকে কিছু ‘অসত্য, মনগড়া, বেআইনি, প্রথাবিরোধী ও অযৌক্তিক’ অভিযোগ উত্থাপন করা হয়েছে। ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এ কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে ১৪ দল।

আট দফা

১. সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করায় বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইসিকে।

২. ঐক্যফ্রন্ট ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলে ‘সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র’ করছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ঐকফ্যন্ট নেতা কামাল হোসেন ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের মতবিনিময় সভায় নির্বাচনী সভা করেছেন। এটা আচরণবিধি লঙ্ঘন।

৩. যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক ব্যক্তি বিএনপির মনোনয়নের জন্য আবেদন করেছে। এতে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইসিকে ব্যবস্থা নিতে হবে।

৪. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার।

৫. পর্যবেক্ষকের নামে যাতে অযাচিত পক্ষাবলম্বন না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৬. ইসি কার্যালয়ে রিটার্নিং অফিসারদের ব্রিফিং শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করার ‘মনগড়া ও কাল্পনিক’ অভিযোগ করেছে বিএনপি। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ‘উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের মিথ্যাচার ও বিভ্রান্তি’ ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৭. বিএনপির পক্ষ থেকে ৯২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ‘বানোয়াট ও মিথ্যা’ অভিযোগ করা হয়েছে। এটি প্রশাসনকে ‘মানসিকভাবে কোনঠাসা’ করে নিজেদের ‘সুপ্ত এজেন্ডা’ বাস্তাবায়নের একটি ‘অপকৌশল’ মাত্র। এ ধরনের রদবদল হলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। বিএনপির এ দাবির পক্ষে পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা নেই।

৮. ইসি সচিবসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তার শাস্তি দাবিসহ গোটা প্রশাসনে রদবদল দাবি ‘ষড়যন্ত্র’ ছাড়া কিছুই নয়। নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ ও বানচালের ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য’ এসব দাবি উত্থাপন করা হচ্ছে।

আচরণবিধি ও প্রচলিত আইন অনুযায়ী এসব ‘তৎপরতার’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির কাছে দাবি জানিয়েছে ১৪ দল।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ছাড়া ১৪ দলের শরিকদের মধ্যে গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, জেপির শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, বাসদের রেজাউর রহমান, ন্যাপের ইসমাইল হোসেন, গণআজাদী লীগের এস কে সিকার, জাসদের নাদের চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাসদের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন ছিলেন প্রতিনিধি দলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930