আকাশবার্তা ডেস্ক :
স্বামীর অর্থ, স্বর্ণালংকার নিয়ে প্রেমিক জামায়াত নেতার হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী হাফসা আক্তার ফেন্সি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপির সাঁইচা গ্রামে। মঙ্গলবার বিকেলে রায়পুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনেছেন ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসী নিজাম উদ্দিন বেগের ছেলে পিয়াস বেগ।
এদিকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রবাসী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন প্রেমিক জামায়াত নেতা ইউসুফ আলী পাটওয়ারী। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার।
লিখিত বক্তব্যে পিয়াস বেগ বলেন, স্থানীয় জামায়াত নেতা ইউসুফ আলী পাটওয়ারী আমার পিতা প্রবাসে থাকার সুযোগে আমার সহজ-সরল মাকে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি আমার মা হাফসা আক্তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে রাতের অন্ধকারে ইউসুফ আলী পাটওয়ারী সাথে পালিয়ে যায়। এ সময় আমার ১২ বছর বয়সী বোনকেও ফুসলিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রায়পুর থানায় অভিযোগ করার পর থেকে ক্ষিপ্ত হয়ে ইউসুফ এবং তার লোকজন আমাদের হুমকি দিয়ে আসছে। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি।
এলাকাবাসী জানায়, নিজাম বেগ দীর্ঘ ৩৬ বছর ধরে সৌদিআরবে প্রবাস জীবনযাপন করে আসছেন। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠান। এ বিষয়টি আঁচ করতে ফেরে ইউসুফ সুকৌশলে ওই পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে সে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এ সময় স্বামীর টাকা, স্বর্ণালংকারসহ ১৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে আমরা শুনেছি।
এ ব্যাপারে জামায়াত নেতা ইউসুফ আলী পাটওয়ারীর সাথে যোগাযোগ হলে তিনি বলেন, আমি ইসলামী শরীয়া মোতাবেক ফেন্সিকে বিয়ে করেছি। পূর্বের স্বামীর মালামাল ও পাঠানো টাকা ফেন্সি নিয়ে আসছে বলে আমার জানা নেই।
রায়পুর থানার উপ-পরিদর্শক ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহাজাহান বলেন, এ ঘটনায় প্রবাসীর ছেলে থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত চলছে।