আকাশবার্তা ডেস্ক :
নিবন্ধন বাঁচানোর জন্য বিএনপি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঝুঁকি নেবে না বলে আমার মনে হয় না। আই অ্যাম প্রিটি সিওর, বিএনপি নির্বাচনে আসবে।
শুক্রবার (০৩ মার্চ) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তেমনি সংবিধান ও নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। ৫ জানুয়ারির নির্বাচন যেমন কারও জন্য থেমে থাকেনি। এবারও যদি কেউ না আসে; তবে না আসার কোনো কারণ নেই।’
অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ আছে কি না—সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ আছে কি না, এটা হলো আমার প্রথম প্রশ্ন। সংবিধানে না থাকলে এই সুযোগ আমি কীভাবে দেব।’
দলের শৃঙ্খলা ফেরাতে তৃণমূলে একটি ‘সার্কুলার’ গেছে উল্লেখ করে কাদের বলেন, ‘দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলের মধ্যে কলহ-কোন্দল চলবে না। জনগণের অগ্রহণযোগ্য কোনো কাজ করা যাবে না। জন-অসন্তোষ সৃষ্টি হয়—এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না। দলীয় শৃঙ্খলার বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, দলের নিম্নতম শাখার কেউ অপরাধী হলে সরাসরি বহিষ্কার করা যাবে না। কেন্দ্রীয় কমিটিকে জানাতে হবে, এই কারণে একে বহিষ্কার করা উচিত। সেই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাহী কমিটি এটা চূড়ান্ত করবে।’
নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে বিএনপির দাবি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। অন্তর্বর্তীকালীন সরকারের বিধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার করার ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই।
গতবারও নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার ছিল। পৃথিবীর সব উন্নত গণতান্ত্রিক দেশ নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ওই সময় শুধু সরকার দৈনন্দিন কাজ করবে। বাস্তবে তখন একটা হাত-পা বাঁধা সরকার ক্ষমতায় থাকবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আফজল খান এবং আ ক ম বাহারউদ্দিনের দ্বন্দ্বের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের দ্বন্দ্বটা কি কুমিল্লার চেয়ে তীব্র ছিল? তো, এটা আমরা মিটিয়ে ফেলেছি না? নির্বাচনের দিন একযোগে কাজ করে বিজয় ছিনিয়ে আনেনি? নারায়ণগঞ্জে যেটা সম্ভব হয়েছে, কুমিল্লাতেও সেটা সম্ভব। আমরা ঐক্যবদ্ধভাবে সেখানে লড়ব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, সহসভাপতি খালেদা খানম, ফরিদা রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।
শনিবার (০৪ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন বিষয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আগামীকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হবে।