আকাশবার্তা ডেস্ক :
স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিজের মেয়ে উল্লেখ করে রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় তার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় শেখ হাসিনা বলেন, আমি আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি পেছন থেকে তাকে সাহায্য করে যাব। জয় এবং পুতুল ইতিমধ্যে তাকে সহায়তা করে যাচ্ছে।
এরপর প্রধানমন্ত্রী রংপুরের আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় শিরীন শারমিন চৌধুরীর হাত উঁচু করে ধরে তিনি বলেন, এই যে আমার মেয়েকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। শিরীন নির্বাচিত হলে তাকে আমরা আবারও স্পিকার করতে পারব। শিরীন যেভাবে আপনাদের জন্য কাজ করছে আমি হলে অতোটা পারতাম না। কারণ আমার সারা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়।
তিনি আরও বলেন, পীরগঞ্জের ব্যাপক উন্নয়ন এরই মধ্যে আমরা করেছি। পীরগঞ্জের আরও উন্নয়নের জন্য আমি একটা মাস্টার প্ল্যান করতে বলেছি। আজকে আমার করা ব্রিজের ওপর দিয়ে এখান থেকে আমি দিনাজপুর যাব। এভাবে সারা বাংলাদেশের উন্নয়ন করেছি আমরা।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। পীরগঞ্জে আপনারা আমাকেই ভোট দেবেন। শুধু ব্যালটে শিরীন শারমিন চৌধুরীর নাম থাকবে।নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার বিজয় হবে। আপনারা নৌকায় ভোট দিন, আমরা উন্নত জীবন উপহার দেবো।
তিনি বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেছেন, জামায়াত একাত্তরে গণহত্যা করেছে। তাদের সঙ্গে জোট করেছে বিএনপি। এই বিএনপি-জামায়াতের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। ধানের শীষের লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। তাদের ভোট দেবেন না।