বিনোদন ডেস্ক :
গত পহেলা বৈশাখ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছিলো জিনিয়া জাফরিন লুইপা’র গাওয়া নতুন গানের একটি মিউজিক ভিডিও। ‘জেন্টলম্যান’ নামের এই মিউজিক ভিডিওতে লুইপার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। এরইমধ্যে গানটি ইউটিউবে ৪৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেন’র সুর ও সঙ্গীতে গানের কথাগুলো এমন- ‘তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান’। লুইপা বলেন, ‘কাজের শুরু থেকেই গানটি নিয়ে আমার প্রত্যাশা ছিলো অনেক বেশি।
দিন দিন গানটির প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা আরো বেশি সৃষ্টি হচ্ছে, গানটির জন্য প্রতিনিয়তই আমি বেশ সাড়া পাই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় পাওয়া। আর অবশ্যই সিয়ামকে আবারো ধন্যবাদ দিতে চাই, সেই ব্যস্ত সময়ে আমাকে এই গানের জন্য সহযোগিতা করার জন্য। তার সহযোগিতা ছাড়া এই কাজটা পূর্ণতা পেতো না।
ধন্যবাদ সৌমিত্র ঘোষ ইমনকে সুন্দরভাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করার জন্য।’ লুইপা আরো বলেন, ‘আমি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এই রোমান্টিক গানটি গেয়েছিলাম। দেশজুড়ে সিয়ামের অনেক ভক্ত আছে। বিশেষ করে মেয়ে ভক্তের সংখ্যাই বেশি। আমিও তাদের মধ্যে একজন।
তাই আমার এই মিউজিক ভিডিওতে এই প্রিয় মানুষটিকে, প্রিয় শিল্পীকে রেখেছিলাম।’ সিয়াম আহমেদ বলেন, ‘এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের বর্তমান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে একটু দুষ্টু মিষ্টি ব্যাপারও আছে। যে কারো গান এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই ভালো লাগবে।
এ কারণেই গানটি শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।’ নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘এর আগে আমি লুইপার প্রথম এককের ঘুরে ফিরে ফিরে ঘুরে গানটির ভিডিও নির্মাণ করেছিলাম। এটি বেশ প্রশংসিত হয়েছিলো। এই গানের আয়োজন আগের তুলনায় আরো ব্যাপক ছিলো। তাছাড়া এবার এই গানে জেন্টলম্যানের ভূমিকায় আছেন সিয়াম। তাই আমি অনেক বেশি আশাবাদী ছিলাম এবারের গানটি নিয়ে। গানটি শ্রোতাপ্রিয়তা পাচ্ছে এটা আমারও ভালোলাগা ’